২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ঐতিহ্যের অংশ হবে ইরাকের জলাভূমি

দক্ষিণ ইরাকের জলাভূমিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ২০১০ সালে এ সংক্রান্ত একটি প্রস্তাব 'বিশ্ব ঐতিহ্য কমিটি'তে উপস্থাপন করা হবে। অনেকের বিশ্বাস, প্রাচীন এ জলাভূমিই বাইবেলে বর্ণিত আদম-হাওয়ার সেই 'ইডেন গার্ডেন'। সাদ্দাম হোসেন সরকারের আমলে এই জলা শুকিয়ে ফেলে তা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 07:03 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- দক্ষিণ ইরাকের জলাভূমিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ২০১০ সালে এ সংক্রান্ত একটি প্রস্তাব 'বিশ্ব ঐতিহ্য কমিটি'তে উপস্থাপন করা হবে। অনেকের বিশ্বাস, প্রাচীন এ জলাভূমিই বাইবেলে বর্ণিত আদম-হাওয়ার সেই 'ইডেন গার্ডেন'। সাদ্দাম হোসেন সরকারের আমলে এই জলা শুকিয়ে ফেলে তা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল। তবে জাতিসংঘের তত্ত্বাবধানে গত চার বছরে জলাভূমির প্রায় অর্ধেক এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। দজলা ও ফোরাতের জলে সিঞ্চিত এই জলাভূমি পারস্য উপসাগরীয় অঞ্চলের বহু বিরল প্রজাতির মাছ ও পাখির আশ্রয়স্থল। সাইবেরিয়া থেকে আফ্রিকার উদ্দেশে যাত্রা করা পরিযায়ী পাখিরা এখানেই বছরের কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। স্থানীয় আরবরা কয়েক হাজার বছর ধরে এই জলাভূমিকে ঘিরে বসবাস করলেও মার্কিনীদের হাতে পদচ্যুত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অভিযোগ ছিল, ইরাক-ইরান যুদ্ধের সময় (১৯৮০-১৯৮৮) সীমান্ত পেরিয়ে আসা আরবরা সেখানে আশ্রয় নিয়েছে। আর এই যুক্তিতে বাঁধ দিয়ে আর পানি নিষ্কাশন করে প্রাচীন এই জলা শুকিয়ে ফেলার উদ্যোগ নেয় সাদ্দাম সরকার। ১৯৭০ সালে যে জলাভূমির আয়তন ছিল প্রায় ৯ হাজার বর্গ কিলোমিটার, ২০০২ সালে তা মাত্র ৭৬০ বর্গ কিলোমিটারে এসে দাঁড়ায়। সাদ্দাম হোসেনের পতনের পর জাতিসংঘের তত্ত্বাবধানে ২০০৪ সালে জলাভূমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়। ইরাকের পরিবেশ মন্ত্রী নারমিন ওসমান বলেন, এই জলাভূমিকে ঘিরে হাজার বছরে যে সংস্কৃতি গড়ে উঠেছে তা হারিয়ে যেতে বসেছিল। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) জানিয়েছে, ইরাকের জলাভূমিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি ২০১০ সালে এ সংক্রান্ত জাতিসংঘ কমিটিতে তোলা হবে। কমিটির অনুমোদন পেলে পরের বছর থেকেই এ জলাভূমি হবে বিশ্ব ঐতিহ্যের অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/০০৫৬ঘ.