বাগদাদ, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলীয় শহর তাল আফারে সোমবার একটি ট্রাকবোমা হামলায় ২৭ জন নিহত এবং প্রায় ১০টি বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া বাগদাদের উত্তরাঞ্চলীয় বাকুবা শহর থেকে পুলিশ রোববার ৬০টি গলিত লাশ উদ্ধার করেছে। ইরাকি পুলিশ সূত্রে এসব খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, ট্রাকবোমা হামলার ঘটনা ঘটে তাল আফার শহরের শিয়া অধুষ্যিত সাদেহ জেলায়। ওই হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত বাড়িগুলোর ধ্বংসস্তুপের নীচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন।
পুলিশ ওই হামলার পর সিরিয়া সীমান্তের নিকটবর্তী তাল আফারে কারফিউ জারি করেছে।
এদিকে, দিয়ালা প্রদেশের বাকুবা শহর থেকে পুলিশ ৬০টি গলিত লাশ উদ্ধার করেছে। লম্বা ঘাসের মধ্যে পড়ে থাকা সে লাশগুলো সৈনিকদের।
পুলিশ আরও জানায়, বাগদাদ থেকেও তারা ১৬টি লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৩০ ঘ.
bdnews24