২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্রধানের দায়িত্ব পেতে আর কোনো বাধা নেই জোয়েলিকের

বিশ্বব্যাংক প্রধানের পদে মনোনয়নের সময়সীমা শুক্রবার পার হয়ে গেলেও আর কোনো নতুন প্রার্থীর নাম না আসায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের প্রার্থী রবার্ট জোয়েলিকের সামনে আর কোনো বাধা রইলো না। ব্যাংক প্রেসিডেন্ট হিসেবে জোয়েলিকের দায়িত্ব নেওয়া এখন কেবল সময়ের বিষয়। বিশ্ব ব্যাংক কর্মকর্তারা শনিবার একথা জনিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ওয়াশিংটন, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- বিশ্বব্যাংক প্রধানের পদে মনোনয়নের সময়সীমা শুক্রবার পার হয়ে গেলেও আর কোনো নতুন প্রার্থীর নাম না আসায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের প্রার্থী রবার্ট জোয়েলিকের সামনে আর কোনো বাধা রইলো না। ব্যাংক প্রেসিডেন্ট হিসেবে জোয়েলিকের দায়িত্ব নেওয়া এখন কেবল সময়ের বিষয়। বিশ্ব ব্যাংক কর্মকর্তারা শনিবার একথা জনিয়েছেন। বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি ও অনৈতিক আর্থিক সুবিধা দেওয়া কেলেংকারিতে গত মাসে পদত্যাগে বাধ্য হন পল উলফোভিৎস। ইরাক যুদ্ধের অনস্যতম রূপকার সাবেক এ মার্কিন কর্মকর্তার পদত্যাগের পর নতুন প্রধান নিয়োগের ক্ষেত্রে আরও উন্মুক্ত পদ্ধতি গ্রহণের বিষয়ে মত দিয়েছিল ১৮৫ টি সদস্য দেশের বেশিরভাগই। কিন্তু শেষপর্যন্ত প্রথা অনুসরণ করে আরেকজন মার্কিন প্রার্থীই বিশ্বব্যাংক প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট বুশের এবারের প্রার্থী রবার্ট জোয়েলিক এর আগে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত নিয়োগের আগে সদস্য দেশগুলোর সমর্থন প্রয়োজন হলেও এ পর্যায়ে এসে কেউ আর যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে চাইছে না। বিশ্বব্যাংক পরিচালনা পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা শনিবার একথা জানান। তিনি বলেন,"জোয়েলিকের যোগ্যতা ও তার অতীত অভিজ্ঞতাও অত্যন্ত চমৎকার। সেটাও সবাই বিবেচনা করেছেন। আর এ মুহূর্তে এমন একজন কাউকে নিয়ে মার্কিন প্রশাসনের এগিয়ে আসাটা খুবই ভাল পদক্ষেপ হয়েছে।" কর্মকর্তারা বলেছেন আগামী সপ্তাহেই জোয়েলিকের সঙ্গে দেখা করতে চাইতে পারেন পরিচালনা পরিষদ। ২৯ শে জুনের মধ্যে নিয়োগের সব প্রক্রিয়া শেষ করার উদ্দেশ্য নিয়েই এগোচ্ছেন তারা। কারণ আগামী ১ লা জুলাইতেই নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পালন শুরুর কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০০ ঘ.