২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাল গোরের মোহভঙ্গ!

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর বলেছেন রাজনীতির ‘মোহভঙ্গ’ হয়েছে তার। তাই আর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চান না তিনি। তিনি বলেছেন, তিনি মনে করেন না যে প্রেসিডেন্টের পদটিই ভালো ভূমিকা রাখার ক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ ভালো অবস্থান। তবে বিষয়টিকে একেবারে নাকচও করে দেন নি তিনি। টাইম ম্যাগাজিনে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 02:31 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রাজনীতির বিষয়ে নিজের মোহভঙ্গের কথা জানিয়ে অ্যাল গোর বলেছেন, “আমি মনে করি না যে প্রেসিডেন্টের পদটিই ভালো ভূমিকা রাখার ক্ষেত্রে আমার জন্য সর্বোচ্চ জায়গা।”

তিনি বলেন, “আমি যদি সঠিকভাবে আমার ভূমিকা রাখতে পারি তাহলে   তো যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্ট প্রার্থীদেরই জলবায়ু সঙ্কট নিরসন নিয়ে কথা বলার কথা।”

কী হলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেন এমন এক প্রশ্নের জবাবে গোর বলেন, “আমি যেহেতু বিষয়টি নিয়ে ভাবছি না তাই এটা বলা মুশকিল। তবে বিষয়টি নাকচ করে দিচ্ছি না আমি। কিন্তু আমার মনে হয় না যে এমনটা ঘটতে পারে।”

টাইমের ওই প্রতিবেদনটিতে গোরের নতুন বই ‘দ্যা অ্যাসল্ট অন রিজন’ এর কিছু উদ্ধৃতিও ছাপানো হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি বিষয়ে সেখানে তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নীতিগুলোকে দোষারোপ করা খুবই সোজা এবং খুবই দলবাজিমূলক আচরণ।”

বইয়ে অ্যাল গোর লেখেন, “আমদের দেশের নেওয়া সব সিদ্ধান্তের জন্য আমরা প্রত্যেকেই দায়ি। আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতি এবং আমাদের জবাবদিহিতার ব্যবস্থা আছে। আমাদের বাক স্বাধীনতা আছে... আমাদের স্বাধীন গণমাধ্যম আছে। এ সবকিছু থাকার পরও কেন আমরা ব্যর্থ হলাম?”

তিনি লেখেন, “আমেরিকার গণতন্ত্র এখন বহুবিধ হুমকির সম্মুখীন। এটা কোনো একক বিষয়ের কারণে নয়, বরং যে পরিবেশে মুক্তভাবনা বেঁচে থাকে এবং বিকশিত হয় কিংবা মুক্তভাবনা সংকুচিত হয় ও মরে যায় সে পরিবেশের এক অপ্রতিরোধ্য পরিবর্তনের কারণে এটা ঘটছে।”

অ্যাল গোর বিল ক্লিনটনের সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করেন। ২০০০ সালে ডেমোক্রেট প্রার্থী হিসেবে বুশের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন তিনি।