২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন কিয়োতো’ চুক্তির দাবি অস্ট্রেলিয়ার

কিয়োতো চুক্তি লঙ্ঘনের জন্য সমালোচিত অস্ট্রেলিয়া বুধবার জলবায়ু চুক্তিটি আরও সংস্কার করা সংক্রান্ত তাদের দাবি জোরাল করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একইসঙ্গে দেশটি বলেছে, ‘পুরাতন কিয়োতো’ চুক্তি ঠাঁই নিয়েছে ‘জলবায়ু পরিবর্তনের ইতিহাসের পৃষ্ঠায়।’

গ্রিনহাউজ গ্যাস নির্গমন দ্রুততার সঙ্গে বাড়তে পারে- অস্ট্রেলিয়ার জলবায়ু সংস্থার এ হুঁশিয়ারি সত্ত্বেও পরিবেশমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, চুক্তি অনুসারে ক্যানবেরা তার লক্ষ্যমাত্রা পূরণ করবে। কিয়োতো চুক্তিতে স্বাক্ষর করলেও অস্ট্রেলিয়া তা অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

টার্নবুল বলেন, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে দুষণকারী দেশ এবং উদীয়মান শক্তি ভারত ও চীনকে সম্পৃক্ত করে কিয়োতো চুক্তির পরিবর্তে একটি নতুন চুক্তি হওয়া উচিত।

অস্ট্রেলিয়ার জাতীয় প্রেস ক্লাবকে টার্নবুল বলেন, “আমার মতে, চুক্তিটি যেভাবে আছে তাতে কখনওই অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র।”

তিনি বলেন, “কিয়োতো চুক্তির মূল লক্ষ্য যাই হোক না কেন, আগামী বছর থেকে চুক্তিটি বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবতা হলো এটি দ্রুত ঠাঁই নিচ্ছে জলবায়ু পরিবর্তনের ইতিহাসের পাতায়।”

উল্লেখ্য, কিয়োতো চুক্তির মেয়াদ শেষ হবে ২০১২ সালে। যে চুক্তিতে স্বাক্ষরকারী অনেক ধনী দেশকে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের মাত্রা নির্ধারণ করে দেওয়া হলেও চীনের মতো উন্নয়নশীল দেশের ওপর কোনো শর্তারোপ করা হয়নি।

বিশ্বের সবচেয়ে বেশি কয়লা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া চুক্তিটি অনুমোদন বা কার্বন নির্গমণ হ্রাসের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা মানতে অস্বীকৃতি জানিয়ে বলে আসছে, ওই ধরনের পদক্ষেপ তাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।