শান্তি প্রস্তাব মেনে নিতে বিশ্ব শক্তিগুলো ও ইসরায়েলের প্রতি আরব নেতাদের আহ্বান
আরব - ইসরায়েল সংঘাত নিরসনে গৃহীত উদ্যোগ পুনরুজ্জীবিত করতে ‘আরব শান্তি প্রস্তাব’ গ্রহণে ইসরায়েল ও বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানাবে আরব দেশগুলো। রিয়াদে দুদিনের আরব লীগ সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে এ আহ্বান জানানো হয়।
সমাপনী ভাষণে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করে বলেন, আরব বিশ্বের বাড়িয়ে দেওয়া ‘শান্তির হাত’ প্রত্যাখাত হলে সহিংসতা আরও বাড়বে।
তিনি বলেন, “আমি আবারও বলতে পারি, ফিলিস্তিন জনগণ মন থেকেই ইসরায়েলি জনগণের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিয়েছে। আমাদেরও আর সুযোগ নষ্ট করা ঠিক হবে না।”
“এর ফলে পুরো অঞ্চল আবারও যুদ্ধের, বিস্ফোরন্মুখ পরিস্থিতির শিকার হবে। পাশাপাশি এ সঙ্কটের গ্রহণযোগ্য কোনো সমাধান না হলে কিংবা বাস্তবায়নের অযোগ্য কোনো প্রস্তাব উত্থাপিত হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত বাড়বে।”
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল অধিকৃত আরব ভূমি ফেরত দেওয়ার বিনিমিয়ে আরব দেশগুলোর সঙ্গে পূর্ণ মাত্রার স্বাভাবিক সম্পর্ক এবং একটি ফিলিস্তনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আরব শান্তিপ্রস্তাবে। পাশাপশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য একটি ন্যায়সঙ্গত সমাধানের কথাও রয়েছে তাতে।
আরব রাষ্ট্রনেতাদের অনুমোদিত এক খসড়া বিবৃতিতে বলা হয়েছে, “এ উদ্যোগকে মেনে নিয়ে এ সুযোগে সব পর্যায়ে একটি সরাসরি ও কার্যকর সমঝোতায় আসার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”
একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে পারলে ফিলিস্তিনি জনসাধারণের দুর্দশা দূর করতে ইসরায়েলের সঙ্গে সমঝোতা সহজ হবে বলে মনে করে সৌদি আরব। এজন্য এ অঞ্চলের সুন্নি দেশগুলোর প্রতি শিয়া - সুন্নি বিবাদ নিরসনে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে দেশটি।
এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, “আরব শান্তি উদ্যোগ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার একটি অন্যতম স্তম্ভ। এ উদ্যোগ আমাদেরকে এ বার্তা দিচ্ছে যে তারা শান্তির বিষয়ে প্রতিশ্র“তিবদ্ধ।”
কিন্তু ২০০২ সালে প্রথম উত্থাপিত এ আরব শান্তি প্রস্তাবের কয়েকটি মূল বিষয়ের সঙ্গেই একমত নয় ইসরায়েল। ১৯৬৭ সালের আগের সীমান্তে ফিরে যাওয়া, পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি শরণার্থীদের তাদের আবাস ফিরিয়ে দেওয়া এসব বিরোধের অন্যতম।
