২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল ভালো আছেন, বললেন বড় ভাই র‌্যামোন

কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর শারীরিক অবস্থা বেশ ভালো। তার বড় ভাই র‌্যামোন কাস্ত্রো বুধবার একথা জানিয়েছেন। গত কিছুুিদন ধরেই তার স্বাস্থ্যের উন্নতির কথা জানাচ্ছেন দেশটির নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 12:58 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

র‌্যামোন কাস্ত্রো বলেছেন,“ ফিদেল ভালো আছেন, তার শারীরিক অবস্থা ভালো।” একটি কৃষি প্রদর্শনীর উদ্বোধনের সময় ফিদেলের স্বাস্থ্য সর্ম্পকে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাস্ত্রোর শারীরিক অবস্থার উন্নতি এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কথা শোনা গেলেও এখনো জনজীবনে অংশগ্রহণ করতে দেখা যায়নি তাকে। দেশটির কর্মকর্তারা বলছেন, এজন্য আরও সময় লাগতে পারে।

তবে কিছুদিন আগে লাতিন আমেরিকার বিখ্যাত সাহিত্যিক এবং তার ঘনিষ্ঠ বন্ধু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সঙ্গে তার ভিডিও ফুটেজ প্রচার করা হয় টেলিভিশনে। তখন অনেক সময় ধরে বাগানে হাঁটতে হাঁটতে প্রাণবন্ত আড্ডা মারতে দেখা গেছে কাস্ত্রোকে। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে তার টেলিফোন আলাপ সরাসরি প্রচার করা হয় রেডিওতে।

গত জুলাইতে পাকস্থলীতে অস্ত্রোপচারের সময় ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে দেশটির ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তিনি নির্দেশনা দিলেও পুরোপুরি সুস্থ হয়ে ফিদেল আবার কবে জনজীবনে ফিরে আসতে পারবেন তা বলা যাচ্ছে না।