২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া যাচ্ছেন ‘আইএইএ’ প্রধান এল বারাদি

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদি রোববার উত্তর কোরিয়ার উদ্দেশে ভিয়েনা ছাড়ছেন। ছয় জাতি বৈঠকে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধের বিষয়ে আলোচনাই তার এ সফরের উদ্দেশ্য বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আইএইএ’র একজন শীর্ষ কূটনীতিবিদ জানান, মধ্য এপ্রিল নাগাদ উত্তর কোরিয়া তার ‘ইয়ংবিয়ন’ পরমাণু স্থাপনার প্লুটোনিয়াম জ্বালানি  প্লান্টসহ যাবতীয় কার্যক্রম বন্ধ করছে কিনা তা নিশ্চিত হতে সংস্থাটি সেখানে অস্ত্র পরিদর্শক দল পাঠাতে চায়।

অস্ত্র পরিদর্শক পাঠানোর বিষয়ে আলোচনার উদ্দেশ্যেই এল বারাদি উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। আগামী ১৩ ও ১৪ মার্চ তিনি কোরিয়া সফর করবেন। উত্তর কোরিয়া যাওয়ার পথে এবং দেশটি সফর শেষে ফেরার সময় তিনি চীনের রাজধানী বেইজিংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিবিদ বলেন, “উত্তর কোরিয়ায় পরিদর্শক পাঠানোর ব্যাপারে এল বারাদি আলোচনায় অংশ নিলেও এখনি যে তারিখ নির্ধারণ সম্ভব হবে তা মনে হয় না। সে ক্ষেত্রে আরও কয়েকবার আলোচনার টেবিলে বসতে হতে পারে,”।