ক্রাফোর্ড/ইসলামাবাদ, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শনিবার বলেছেন, আমাগী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তার কথা রাখবেন বলে তিনি আশাবাদী। একইসঙ্গে বুশ বলেছেন, আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন ওয়াশিংটনের।
পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর বুশ দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি বুশ এ বিষয়টিও পরিষ্কার করেন যে, ১১ সেপ্টেম্বরের পর থেকে আল কায়েদা সদস্যদের খুঁজে বের করতে পাকিস্তান যে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রের তা এখনও প্রয়োজন।
শনিবার টেক্সাসের খামার বাড়িতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ আল কায়েদার হুমকি এবং পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বুশ বলেন, "আমরা একটি অভিন্ন লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তা হচ্ছে আল কায়েদাকে নির্মূল করা।" তিনি বলেন, "আমি আমেরিকার জনগণের কাছে অঙ্গীকার করেছি যে আমরা তাদের (আল কায়েদার) ওপর চাপ অব্যাহত রাখব। আমি পুরোপুরি বুঝি তা করার জন্য আমাদের প্রয়োজন সহযোগিতা। এবং যে দেশটির কাছ থেকে সহযোগিতা প্রয়োজন সেটি হচ্ছে পাকিস্তান।"
এই সপ্তাহের প্রথম দিকে মুশাররফের সঙ্গে টেলিফোনে কথা বলেন বুশ। সংবাদ সম্মেলনে বুশ বলেন, তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি, "তবে তিনি আমার অবস্থান জানেন।"
১১ সেপ্টেম্বরের পর থেকে আল কায়েদা সদস্যদের খুঁজে বের করতে সাহায্য করার জন্য মুশাররফের প্রশংসা করে আসছেন বুশ। একইসঙ্গে তিনি বলেছেন, সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার এবং আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের কথা বলার মাধ্যমে পাকিস্তানের নেতা "ইতিবাচক পদক্ষেপ" নিয়েছেন।
বুশ বলেন, "অন্যথা না ঘটা পর্যন্ত আমি একজন লোককে তার কথার জন্য সম্মান করি। আমি মনে করি আপনাদেরও তা করা উচিত। যখন কেউ বলে তারা এটা করতে যাচ্ছেন তখন আপনাদের উচিত তা করার একটা সুযোগ দেওয়া।"
বুশ বলেন, মুশাররফ ও বেনজির উভয়ে আল কায়েদার বিপদ সম্পর্কে জানেন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে আমরা পাকিস্তানের নেতৃত্বর মধ্যে ভাল সহযোগিতা অব্যাহত থাকতে দেখতে পাব।"
তিনি আরও বলেন, তিনি আশা করছেন পাকিস্তানি গণতন্ত্র "যত শিগগির সম্ভব তার ধারায় ফিরে আসবে।"
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বর্তমান পাকিস্তানকে এমন এক "প্রেসার কুকার" হিসাবে অভিহিত করেছেন যা বিস্ফোরিত হতে যাচ্ছে। অন্যদিকে, তিন ব্রিটিশ সাংবাদিককে বের করে দেওয়ার নির্দেশ দেওয়ার মাধ্যমে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করেছে মুশাররফের সরকার।
জেনারেল মুশাররফ গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং সংবিধান স্থগিত করার পর দেশটির অধিকাংশ বিচারককে বরখাস্ত করেন। সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে রেখেছেন গৃহবন্দি অবস্থায়। পাশপাশি পুলিশকে নির্দেশ দিয়েছেন অধিকাংশ বিরোধীদলীয় নেতা এবং সমস্যা সৃষ্টি করতে পারে এমন যে কাউকে আটক করার।
মুশাররফ এছাড়াও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের বেসরকারি সংবাদ চ্যানেলগুলো। স
bdnews24