দুবাই, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার জানিয়েছেন, গাজার সমস্যা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা হচ্ছে। আম্মানে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। তবে ইসরায়েল আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার ব্যপারে কিছু জানেন কিনা- আল-আরাবিয়া টেলিভিশনের এ প্রশ্নের জবাবে মাহমুদ আব্বাস বলেন, "এরাজে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা হচ্ছে। এছাড়া অন্যান্য স্থানেও আলোচনা চলছে।"
গাজা অবরোধের সমাধান ও সেখানে পণ্য ও জনসাধারণের যাতায়াত সহজ করতেই মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে এই আলোচনা। তবে আলোচনার ব্যাপারে ফিলিস্তিন প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি।
তবে হামাসের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শলমো দরার বলেন, "বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। হামাসের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। বরং হামাসের সঙ্গে কোণো ধরণের যোগাযোগ করা আমাদের নীতির পরিপন্থী।"
তিনি আরও বলেন, "ইরাজে আমরা সর্বশেষ আলোচনা করেছি ফিলিস্তিন ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাদের পরিচিত। হামাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।"
ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর ইসলামী গ্র"প হামাস গত জুনে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রকেট হামলা বন্ধ করতে অস্বীকার করলে গত সেপ্টেম্বরে ইসরায়েল গাজাকে শত্র" এলাকা ঘোষণা করে। এরপর থেকে গাজায় সব ধরণের নাগরিক সেবা বন্ধ করে দেয় ইসরায়েল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.
bdnews24