২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের ইরান হামলা পরিকল্পনার খবর ঝুঁকিপূর্ণ

ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এমন জল্পনা-কল্পনায় ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না করার ঝুঁকি রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস মধ্যপ্রাচ্য সফরকালে রোববার ইসরায়েলের ‘চ্যানেল ১০’ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যেকার স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা শুরু এবং ইরাক পুনর্গঠনে আরব দেশগুলোর  সহযোগিতা চাইতে তিনি এ সফরে রয়েছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে কূটনৈতিক অনেক উপায় রয়েছে বলেও এ সাক্ষাতকারে উল্লেখ করেন তিনি । 

মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণু-অস্ত্র সমৃদ্ধ দেশ ইসরায়েল বরাবরই বলে আসছে যে, তারা  ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে দেবেনা।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ব্রিটেনের সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে, ইরানের পরমাণু ক্ষেত্র ধ্বংস করতে ইসরায়েল গোপন পরিকল্পনা করছে। এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত মাসে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ওপর। ইরান বোমা তৈরী করতে পারে-পশ্চিমা দেশগুলোর এমন আশঙ্কার প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তেহরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ অব্যাহত রাখবে।