সন্ত্রাসের সাথে যুক্ত সন্দেহে ব্রিটিশ মুসলমানদের ওপর কড়া নজর রাখছে পুলিশ
সন্ত্রাসবাদের সমর্থন এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্দেহে হাজার হাজার ব্রিটিশ মুসলিমের গতিবিধির ওপর নজর রাখছে ব্রিটিশ পুলিশ।
লন্ডন পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান পিটার ক্লার্ক শুক্রবার একথা জানিয়েছেন।
পিটার ক্লার্ক-এর দেওয়া সন্দেহভাজন মুসলমানদের এই তালিকা পূর্বের তালিকার চেয়ে অনেক দীর্ঘ বলে জানা গেছে।
সম্প্রতি তরল বিস্ফোরক দ্রব্য বহন করে মার্কিন যুক্তরাষ্ট্রগামী কয়েকটি ফ্লাইটের বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজন বৃটিশ মুসলিমকে গ্রেফতার করার পর থেকে সেখানে বসবাসকারী মুসলমানদের ওপর ব্যাপক নজরদারী চালাচ্ছে লন্ডন পুলিশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিবিসির সাংবাদিক পিটার টেইলরকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার ক্লার্ক শুধু সন্ত্রাসী বা হামলাকারী নয় বরং সন্ত্রাসের সাথে জড়িত থাকতে পারে বা সন্ত্রাসী কর্মকান্ডে ইন্ধন যোগাতে পারে এমন সন্দেহভাজন যে কোনো মুসলমানকে তারা কঠোর নজরদারীর মধ্যে রাখছে বলে জানিয়েছেন।
পিটার টেইলর মনে করছেন ইরাক যুদ্ধই যুক্তরাজ্যের মুসলিম তরুনদের ক্ষেপিয়ে তুলছে এবং সন্ত্রাসী কর্মকান্ডে উৎসাহী করছে।
তবে যুক্তরাজ্য সরকার ইরাক যুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে লন্ডনের সন্ত্রাসী কার্যকলাপের ওপর এই যুদ্ধের কোনরূপ প্রভাব পড়ার কথা নয়।
তবে টেইলর বলছেন , ইরাক যুদ্ধে যোগ দিতে মুসলিম তরুনরা যুক্তরাজ্য থেকে সিরিয়া হয়ে ইরাক যাচ্ছে। যা যুক্তরাজ্যের জন্য উদ্বেগজনক হতে পারে বলে তার ধারনা।
