ফিলিস্তিনের ৫০ কোটি ডলার ছাড় করছে ইসরায়েল
কর বাবদ ফিলিস্তিনের প্রাপ্য প্রায় ৫০ কোটি ডলার ছাড়ের বিষয় বিবেচনা করছে ইসরায়েল। আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর মাহমুদ আব্বাসের প্রতি সমর্থন হিসেবেই এ অর্থ ছাড় করা হচ্ছে বলে বুধবার বিভিন্ন সূত্র দাবি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা ও ফিলিস্তিনের কূটনীতিকরা জানান, হামাস সরকারকে পাশ কাটিয়ে ব্যয় করতে হবে, এমন শর্ত দিয়েই ওই অর্থ ছাড় করবে ইসরায়েল। ছাড়কৃত অর্থ দিয়ে মাহমুদ আব্বাস সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবেন। গত মার্চে হামাস ক্ষমতায় আসার পর থেকেই তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।
অর্থ ছাড়ের কথা স্বীকার করে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ রফিক হোসাইনি বলেন, “এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।” তবে পিএলও নেতা সায়েব এরাকাত বলেন, “ইসরায়েল সরাসরি মাহমুদ আব্বাসকে কোনো অর্থ দেবে না। বরং বিভিন্ন সময়ে নানা খাতে ইসরায়েলের কাছে ফিলিস্তিনের যে পাওনা জমেছে, তাই পরিশোধ করবে।”
কয়েক দিনের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের কথা রয়েছে। মাহমুদ আব্বাস বলেছেন, বৈঠকে তিনি ফিলিস্তিনের প্রাপ্য বিভিন্ন কর ও ইসরায়েলি কারাগারে বন্দিদের বিষয় তুলবেন। তবে ওই বৈঠক খুব শিগগিরই হচ্ছে, এ কথা জানানো হলেও ইসায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা আসেনি।
