আকস্মিক সফরে বাগদাদে রবার্ট গেটস
শপথ নেওয়ার দুই দিনের মাথায় ইরাক সফরে এলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। বুধবার তিনি বাগদাদে পৌঁছেন।
সফরকালে ইরাকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে রবার্ট গেটস সেখানে দায়িত্বরত মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। ইরাকে সহিংসতার মাত্রা এখন সবচেয়ে বেশি-পেন্টাগনের এ স্বীকারোক্তির পরপরই গেটসের এ সফর হচ্ছে।
সোমবার শপথ নেওয়ার পর ভাষণে গেটস বলেন, ইরাকে যে কোনো ব্যর্থতা দীর্ঘকাল মার্কিনিদের তাড়া করে ফিরবে। সেখানে যে যুক্তরাষ্ট্র সফল হচ্ছে না, নিয়োগ অনুমোদনের আগে সিনেটে সে মতও প্রকাশ করেন তিনি।
ইরাকে অবনতিশলি পরিস্থিতি নিয়ে এখন নতুন করে ভাবছে বুশ প্রশাসন। আগামী মাসেই জর্জ বুশ ইরাক নিয়ে নতুন কৌশল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
