২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারের মুখোমুখি হচ্ছে ব্রিটিশ সেনারা

ইরাকে ২০০৩ সালে বন্দি নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তিন ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:35 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

লন্ডনের হাউজ অব লর্ডসের এটর্নি জেনারেল লর্ড গোল্ড স্মিথ মঙ্গলবার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ঘোষণা দেন।

যুদ্ধাপরাধের বিচার লক্ষ্যে হেগের আন্তর্জাতিক আদালতে বিচারের পরিবর্তে আন্তর্জাতিক অপরাধী আদালত অ্যাক্ট ২০০১-এর আওতায় কুইন্স ল্যাঙ্কাশায়ার রেজিমেন্টের ওই তিন সেনাকে এখন ব্রিটিশ সামরিক আদালতের মুখোমুখি হতে হচ্ছে।

তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে, ইরাকে সামরিক অভিযানে আটক বন্দিদের সাথে তারা নিয়ম বহির্ভূত আচরণ ও নির্যাতনের সাথে জড়িত।

কুইন্স ল্যাঙ্কাশায়ায় রেজিমেন্টের ৩৪ বছর বয়স্ক কর্পোরাল ডোনাল্ড পেনির বসরা হোটেলের রিসিপশনিষ্ট বাহাউদ সালিম মুসাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে বন্দি নির্যাতন ও আইন ভঙ্গেরও বহু অভিযোগ রয়েছে। রেজিমেন্টের অপর দুই সদস্য ল্যান্স কর্পোরাল ওয়েন ক্রোকফট (২১) ও প্রাইভেট ড্যারেন ফ্যালন (২২)-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধী আদালত অ্যাক্টের আওতায় বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

২৮ বছর বয়সী সার্জেন্ট কেলভিন স্ট্যাসির বিরুদ্ধেও বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। সেও কুইন্স ল্যাঙ্কাশায়ার রেজিমেন্টের সদস্য। অপরদিকে আর্মি অ্যাক্ট ১৯৫৫-এর আওতায় ওয়ারেন্ট অফিসার মার্ক ডেভিস (৩৬), মেজর মাইকেল পিবল্স (৩৪) ও কর্নেল জর্জ মেনডোঙ্কা (৪১)-এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে ২০০৩ সালের ৮ মে ইরাকি বেসামরিক নাগরিক আহমেদ জাব্বির করিমকে হত্যার অভিযোগও আনা হয়েছে। কারিমকে ইচ্ছাকৃতভাবে লাথি মেরে ক্যানেলে ফেলে দিয়ে হত্যা করা হয়।

অপরদিকে সার্জেন্ট কার্লি সেলম্যান (৩৮), কারারক্ষী মার্টিন ম্যাকগিং (২১), যোসেফ ম্যাকক্লিয়ারি’র (২৩) বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে সামরিক আদালত অ্যাক্ট-এর আওতায়।

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধী আদালত অ্যাক্টের আওতায় যে অভিযোগ আনা হয়েছে, সেগুলোকেই কেবল যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন রিড এক বিবৃতিতে বলেছেন, অভিযুক্ত ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তারা নিরপরাধ।