২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য স্থবিরতা নিরসনে এপেক নেতৃবৃন্দের আহ্বান

এশীয়-প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) নেতৃবৃন্দ বৈশ্বিক বাণিজ্য সংলাপের ক্ষেত্রে বিদ্যমান স্থবিরতা নিরসনের আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

হংকংয়ে আগামী মাসের বিশ্ব বাণিজ্য সংস্থার শীর্ষ বৈঠকের আগে এপেক নেতৃবৃন্দ এ আহ্বান জানালেন।

দক্ষিণ কোরিয়ার বুশানে দু’দিনের সম্মেলনে বিভিন্ন ইস্যু মোকাবেলায় কৌশলগত বিষয়ে ২১ এপেক সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

বাণিজ্য ক্ষেত্রে যুক্ত বিবৃতি দেওয়া ছাড়া বার্ড ফ্লু ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার ব্যাপারেও তারা একমত হয়েছেন।

এদিকে বুশানে প্রতিবাদকারীদের সাথে পুলিশের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হাজার হাজার প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে।

দেশের বাইরে থেকে চাল আমদানির পরিকল্পনার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কৃষকরাও বিক্ষোভে অংশ নেয়।

সমঝোতাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আরও ছাড় দিতে এপেক নেতৃবৃন্দ বাণিজ্য সংস্থার সকল সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। দু’দিনের সম্মেলনের শেষ দিন শনিবার নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

কৃষি পণ্য ও সেবা সংক্রান্ত সমঝোতার ক্ষেত্রে বর্তমান সময়ে যে অচলাবস্থা বিরাজ করছে, তা নিরসন করতে এপেক নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, এপেক নেতৃবৃন্দের যুক্ত বিবৃতি প্রধানত ইউরোপকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। কেননা, কৃষককে ভর্তুকি প্রদান ও আমদানিকৃত খাদ্যদ্রব্যের উপর শুল্ক আরোপের প্রচেষ্টার পথে ইউরোপকেই এখন বড় বাধা বলে বিবেচিত হচ্ছে।

সম্মেলনের শুরুতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বান কী-মুন আরও ছাড় দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্ড ফ্লু’র হুমকি মোকাবেলায় যৌথ পদক্ষেপ গ্রহণ ও সন্ত্রাসবাদ প্রশ্নে সন্ত্রাসী সংগঠন নিশ্চিহ্ন ও ব্যাপক বিধ্বংসী অস্ত্রের হুমকি প্রতিহত করতে নেতৃবৃন্দ একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।