লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাথে জর্জ উইয়াহ’র সমর্থকদের সংঘর্ষ
লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ও সাবেক তারকা ফুটবলার জর্জ উইয়াহ’র সমর্থকদের সাথে দেশটিতে মোতায়েনকৃত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষ হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে উইয়াহ-এর পরাজিত হওয়ার সম্ভাবনা নিশ্চিত হওয়ার পর এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানী মনরোভিয়াতে বিক্ষোভরত সাবেক চেলসি ও ম্যানইউ ফুটবলার জর্জ উইয়াহ সমর্থকদের উপর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে কমপক্ষে এক ব্যক্তি আহত হয়।
উইয়াহ’র সমর্থকরা মনরোভিয়াস্থ মার্কিন দূতাবাসের কাছে সমবেত হওয়ার চেষ্টা করলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, নির্বাচনে ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ইলেন জনসন সারলিফ ৫৯ দশমিক চার শতাংশ ও জর্জ উইয়াহ ৪০ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন।
লাইবেরিয়ার ‘লৌহ মানবী’ বলে খ্যাত জনসন সারলিফের বিজয় নিশ্চিত করা হলে তিনি হবেন লাইবেরিয়া ও পুরো আফ্রিকার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট।
ইইউ ও ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট্সের প্রেরিত নির্বাচক পর্যবেক্ষকগণ নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ বলে আখ্যায়িত করেছেন।
