ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা
ভারতের পশ্চিমবঙ্গে টানা পাঁচ দিনের বৃষ্টির ফলে পূর্ব এবং পশ্চিম মেদিনিপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত রাজ্যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়াও বন্যায় ২২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে উদ্ধার ও ত্রাণকর্মী প্রেরণের অনুরোধ জানাবে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসলেও পশ্চিমবঙ্গে তা অব্যাহত থাকবে।
এদিকে কলকাতার বিভিন্ন অংশে সোমবার সন্ধ্যা নাগাদ বৃষ্টি কমে এলেও শহরের অনেক স্থানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উড়িষ্যার উত্তর বালাশোরে এখনও মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে এবং ন্যাশনাল হাইওয়ে ৬০-এর সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
