২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগতভাবে বার্ড ফ্লু ভাইরাস-প্রতিরোধী ওষুধ কেনার প্রয়োজন নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মরণঘাতী বার্ড ফ্লু’র ভয়ে ব্যতিব্যস্তরা এটি প্রতিরোধ করতে পুরোপুরি সক্ষম হবেন এমন আশা নিয়ে যে ওষুধ কিনছেন ও মজুদ করে রাখছেন তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 09:57 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়ে বলেছে, তামিফ্লু ওষুধটি বার্ড ফ্লু’র ভাইরাসে আক্রান্তের অসুস্থতা কমাতে পারবে, তবে এটি এমন কোন ভ্যাকসিন নয়, যা ভাইরাসটিকে পুরোপুরি প্রতিরোধ করতে পারবে।

তবে প্রতিটি দেশের সরকারকে তামিফ্লু মজুদ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে। তবে ওষুধটি পেতে লোকে হুমড়ি খেয়ে পড়বে বলে সংস্থাটি আশংকা প্রকাশ করেছে।

ইতোমধ্যে বার্ড ফ্লু ইউরোপে প্রবেশ করেছে। গ্রীসে এ ভাইরাসের অস্তিত্বের কথা স্বীকার করা হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভাইরাসটি যদি মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার মত পর্যায়ে পৌঁছায়, তাহলে এর প্রাদুর্ভাব মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠার আশংকা রয়েছে।

ইউরোপীয় ফার্মাসিস্টরা তামিফ্লু বিক্রি শুরু করে দিয়েছে, এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ডব্লিউএইচও’র প্রাদুর্ভাব সতর্কতা বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে যে কোন উদ্দেশ্যে এ ওষুধটি মজুদ করতে ডব্লিউএইচও কোন একক ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে না।

মাইকেল রায়ান বলেন, যে সব অঞ্চলে অ্যাভিয়ান ভাইরাস সত্যিকার অর্থেই একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং ওই এলাকার নির্দিষ্ট দল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের চেয়ে কোন একক ব্যক্তির ওষুধটি মজুদ রাখার প্রয়োজনীয়তার কোন লক্ষণ নেই।

তামিফ্লু উৎপাদনকারী সুইস কোম্পানি রোশে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়ার পাশাপাশি তারা তুরস্ক ও রোমানিয়ার বার্ড ফ্লু-আক্রান্ত এলাকায় ইনফ্লুয়েঞ্জা-বিরোধী ওষুধ সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি এর উৎপাদন বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে।

গ্রীসের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এগিয়ান সাগরের ওইনুয়াস দ্বীপে একটি টার্কি মুরগির দেহে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

রোমানিয়া ও গ্রীসে বার্ড ফ্লু’র অস্তিত্বের কথা স্বীকার করা হলেও তা মরণঘাতী এইচ৫এন১ পর্যায় কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এশিয়ার বিভিন্ন দেশে ৬০ জনেরও বেশি ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে।