২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম ইউরোপের তীব্র তাপদাহ ছড়াচ্ছে উত্তরে

ইউরোপের পশ্চিমাঞ্চলজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ এখন মহাদেশটির উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 10:43 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

সোমবার ফ্রান্স ও যুক্তরাজ্য অতি উষ্ণতাজনিত সতর্কতা জারি করেছে এবং স্পেনের উত্তরাঞ্চল ৪৩ সেলসিয়াস (১০৯ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছে। মঙ্গলবার পশ্চিম ইউরোপে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসে দাবানলের কারণে কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

Image
ছবি: রয়টার্স  

ছবি: রয়টার্স  

তাপদাহের কারণে যুক্তরাজ্য রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন দেখার অপেক্ষায় আছে আর ফ্রান্সের কিছু অংশ ‘বিপর্যয়মূলক উষ্ণতার’ মুখোমুখি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি অংশ তাদের সবচেয়ে উষ্ণতম দিনগুলো পার করছে এবং পশ্চিমাঞ্চলীয় শহর নঁতে ৪২ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।  

বিবিসি জানিয়েছে, দেশটিতে দাবানলের কারণে গত কয়েকদিনে ৩০ হাজারেরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ফ্রান্সে ‘বিপর্যয়কর তাপমাত্রা’র সতর্কবার্তা  

উষ্ণতম দিনের পথে ব্রিটেন  

গত মঙ্গলবার থেকে ফ্রান্সের দক্ষিণপশ্চিমের পর্যটন অঞ্চল জিঁহন্দের প্রায় ১৭ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়ে ধ্বংস হয়েছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।

জিঁহন্দ অঞ্চলের প্রেসিডেন্ট জ্যঁ লুক গ্লেজ এ দাবানল সম্পর্কে বলেছেন, “আমার কাছে এটিকে দানব মনে হচ্ছে, যেন একটি অক্টোপাস। এটি সামনে, পেছন উভয় দিক থেকে কেবল বাড়ছে আর বাড়ছে। তাপমাত্রা, বাতাস ও বায়ুমণ্ডলে জলীয়বাষ্প না থাকায় এমনটি হচ্ছে। এই দানবের বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন।”

জিঁহন্দ অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার এ অঞ্চলের তাপমাত্রা ৪০ সেলসিয়াসের আশপাশে ছিল আর মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমতে পারে, কিন্তু আবহাওয়ার শুষ্ক পরিস্থিতি ও পরিবর্তনশীল বাতাসের কারণে তাৎক্ষণিকভাবে স্বস্থি ফিরতে নাও পারে।

সোমবার যুক্তরাজ্য অন্যতম একটি উষ্ণ দিন দেখেছে। এদিন ইংল্যান্ডের সাফেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ১ সেলসিয়াস রেকর্ড হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ সেলসিয়াস ছাড়াতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে; এটি হলে তা দেশটির সর্বোচ্চ তাপমাত্রার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

Image
ছবি: রয়টার্স  

ছবি: রয়টার্স  

প্রচণ্ড উত্তাপে লন্ডনের লুটন বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করতে হয়। এর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন সূচী বাতিল হওয়ায় যাতায়াতে গুরুতর ব্যাঘাত ঘটে।

সোমবার নেদারল্যান্ডসে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ওয়েস্তদোর্পে তাপমাত্রা ৩৩ দশমিক ৬ সেলসিয়াসে উঠেছিল। মঙ্গলবার তাপমাত্রা আরও বেড়ে দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে সর্বোচ্চ ৩৯ সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।  

এ তাপদাহের মধ্যে স্পেন ও পর্তুগালে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পর্তুগালে তাপমাত্রা ৪৭ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা জুলাইয়ের সর্বোচ্চ।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর আইপিএমএ দেশের অধিকাংশ এলাকাজুড়ে সর্বোচ্চ অগ্নি সতর্কতা জারি করেছে। দাবনলের বিপদ থেকে বাঁচাতে উত্তরাঞ্চলীয় মূর্সা শহর থেকে ৩০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৭ সালের ঘটনার পুনারাবৃত্তি রোধে কর্তৃপক্ষ সতর্ক হয়ে আছে, ওই বছর দাবানলে শহরটির ৬৬ জন বাসিন্দা প্রাণ হারিয়েছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপদাহ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিনগুলোতে বেলজিয়াম ও জার্মানি ৪০ সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারে। 

স্পেনে অন্তত ২০টি দাবানল নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে। উত্তর দিকে পর্তুগাল সীমান্তের কাছাকাছি পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে।  

মানুষের কার্যকলাপের কারণে জলবায়ু পরিবর্তিত হওয়ায় ঘনঘন তাপদাহ দেখা যাচ্ছে, এগুলো আরও তীব্র ও এদের বিরাজকাল দীর্ঘ হচ্ছে। শিল্পযুগ শুরু হওয়ার পর থেকে বিশ্বের তাপমাত্রা ইতোমধ্যে ১ দশমিক ১ সেলসিয়াস বেড়ে গেছে। বিশ্বব্যাপী সরকারগুলো ক্ষতিকর গ্যাস নির্গমণ হ্রাসের উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।