২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে কোভিডের নতুন ঢেউ

করোনাভাইরাস সংক্রমণের একটি নতুন ঢেউ নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে এশিয়ার মহাদেশের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 06:32 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

প্রাদুর্ভাবের গতি শ্লথ করতে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চাপমুক্ত রাখতে জাপান ও নিউ জিল্যান্ড পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।

এ অঞ্চলে দ্রুতগতিতে রোগীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ.ফোর/ফাইভ প্রধানত দায়ী বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এতে মহামারীর আগের ঢেউগুলোতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মেরামতের চেষ্টায় থাকা কর্তৃপক্ষগুলো ফের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অজনপ্রিয় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো বা নতুন করে আরোপ করা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ হ্রাস করার চেষ্টায় থাকা নিউ জিল্যান্ড সরকার বৃহস্পতিবার বিনামূল্যে মাস্ক বিতরণ ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ঘোষণা দিয়েছে। দক্ষিণ গোলার্ধের চলমান শীত ঋতুতে নিউ জিল্যান্ড একইসঙ্গে কোভিড ও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের প্রাদুর্ভাব মোকাবেলার চেষ্টা করছে। 

এক বিবৃতিতে দেশটির কোভিড-১৯ মোকাবেলার দায়িত্বে থাকা মন্ত্রী আয়েশা ভেরল বলেছেন, “কোভিড-১৯ আক্রান্ত ও হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধির সংযোগ নিয়ে কোনো প্রশ্ন নেই, সাম্প্রতিক স্মরণকালের সবচেয়ে বাজে ফ্লু ঋতু এটি।”

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মীদের অনুপস্থিতি স্বাস্থ্য কর্মীরা ও পুরো স্বাস্থ্য ব্যবস্থা ‘প্রচণ্ড চাপে’ আছে বলে জানিয়েছেন তিনি।  

৫১ লাখ জনসংখ্যার দেশ নিউ জিল্যান্ডের প্রায় ৬৯ হাজার মানুষ এখন এই ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৭৬৫ জন হাসপাতালে ভর্তি আছেন। এতে চিকিৎসার জন্য আসা অন্যান্যদের অপেক্ষার সময় বেড়েছে ও অস্ত্রোপচার বাতিল করতে হচ্ছে।

কোভিড এখনও বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা: ডব্লিউএইচও  

জাপানে যে মাত্রায় কোভিড-১৯ রোগী বাড়ছে তা চলতি বছর এর আগে দেখা যায়নি। স্কুলগুলোর আসন্ন গ্রীষ্মের ছুটি ও লম্বা সাপ্তাহিক ছুটির সময়গুলোর আগে লোকজনকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

এক সরকারি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বুধবার জাপানে রোগীর সংখ্যা ৯৫ হাজার জন ছিল এবং গত সপ্তার তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে ২ দশমিক ১৪ গুণ।

দেশটির করোনাভাইরাস মোকাবেলা কমিটির বৈঠকের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোতো বলেছেন, “জাপানের প্রতিটা প্রিফেকচারে নতুন রোগীর সংখ্যা বাড়ছে আর এটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে।”

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

রাজধানী টোকিওর কর্তৃপক্ষ সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে।  

দক্ষিণ কোরিয়ায় এক সপ্তাহের মধ্যে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা তিনগুণ বেড়ে বুধবার ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। প্রায় মধ্য অগাস্ট থেকে সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় দৈনিক নতুন রোগীর সংখ্যা ২ লাখ জনে পৌঁছে যাবে বলে কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা ধারণা করছেন। দেশটিতে কোভিড টিকার বুস্টার ডোজের আওতা বিস্তৃত করা হলেও নতুন করে কোনো বিধিনিধেষ আরোপের পরিকল্পনা করা হচ্ছে না।

বিএ.ফোর/ফাইভ ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক কোভিড-১৯ প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়া। এ সময় লাখ লাখ নতুন সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে, তবে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে কোনো কঠোর বিধিনিষেধের সম্ভাবনা বাতিল করে দিয়েছে।  

থাইল্যান্ডে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও ইন্দোনেশিয়ায় বেড়ে মার্চের পর সর্বোচ্চ হয়েছে। ফিলিপিন্সে নতুন সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কম থাকলেও চলতি মাসের শেষ দিকে আক্রান্তের সংখ্যা অন্তত ২০ গুণ বাড়তে পারে বলে দেশটির সরকার সতর্ক করেছে।

চীনের মূলভূখণ্ডে জুলাইতে স্থানীয়ভাবে সংক্রমিত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গড়ে ৩০০ জনেরও বেশি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা জুনে প্রায় ৭০ জন ছিল।