২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড এখনও বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা: ডব্লিউএইচও

কোভিড প্রথম শনাক্ত হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর পেরিয়ে এখনও বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হয়ে থেকে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jul 2022, 06:34 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি জরুরি কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কোভিড সংক্রমণ বাড়ছেই, ভাইরাসটিরও রূপ বদলাচ্ছে, বহু দেশের স্বাস্থ্যসেবা এখনও চাপমুক্ত হয়নি- এর মানে, কোভিড পরিস্থিতি এখনও জরুরি অবস্থা হয়েই আছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেষ পাক্ষিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আসা কোভিড শনাক্তের রিপোর্ট ৩০ শতাংশ বেড়েছে। যদিও টিকা নেওয়ার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুও কমেছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, “কোভিড-১৯ কোনোখানেই শেষের পথে নয়। ভাইরাসটি যেহেতু আমাদের ধাওয়া করছে, তাই আমাদেরও একে পিছু হটিয়ে দিতে হবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারী নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ ঘোষণা করেছিল ২০২০ সালের ৩০ জানুয়ারিতে।

জরুরি অবস্থা ঘোষণা করা হলে এর আওতায় ডব্লিউএইচও এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর সরকার রোগ মোকাবেলায় গবেষণাসহ দ্রুত নানা পদক্ষেপ নেওয়া এবং অন্যান্য প্রস্তুতি জোরদার করতে পারে।