‘কথা নয়, কাজ দিয়ে পুতিনকে বিচার করবে যুক্তরাজ্য’
ইস্তাম্বুলের শান্তি বৈঠকে দেখা গেছে কিছুটা আশার আলো। রাশিয়া ইউক্রেইনে হামলা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কেবল কথায় নয়, বরং কাজ দিয়ে রাশিয়াকে বিচার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেছেন, তার দেশ ইউক্রেইন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার হতে দেখতে চায় এবং সম্ভাব্য একটি শান্তি চুক্তির পথে রাশিয়ার পদচারণা তাদের কাজ দিয়েই বিচার করা হবে।
মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি বৈঠকে ইউক্রেইনের রাজধানী কিইভ এবং উত্তরাঞ্চলীয় নগরী চেরনিহিভ ঘিরে আক্রমণের তীব্রতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
অন্যদিকে, হামলা থেকে সুরক্ষা পাওয়ার আন্তর্জাতিক নিশ্চয়তা পেলে জোট নিরপেক্ষ অবস্থান বজায় রাখার প্রস্তাব দিয়েছে ইউক্রেইন।
জনসন রাশিয়ার প্রতিশ্রুতিতে উৎসাহ বোধ করছেন কিনা সে প্রশ্নের জবাবে তার মুখপাত্র বলেন, ‘‘আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে তাদের কাজ দিয়ে বিচার করব, তাদের কথা দিয়ে নয়।”
বিবিসি জানায়, কিইভ ঘিরে রাশিয়ার বোমাবর্ষণ এরই মধ্যে বেশ খানিকটা কমে এসেছে। এর কারণ ব্যাখ্যায় জনসনের মুখপাত্র বলেন, এর মূল কারণ “ইউক্রেইনের সেনাবাহিনী খুবই সফলভাবে রুশ আগ্রাসনকে কিইভের উত্তরপশ্চিম দিকে ঠেলে দিতে পেরেছে।”
“যদিও লড়াই অব্যাহত আছে এবং মারিউপোল ও অন্যান্য অঞ্চলে রুশ বাহিনী তীব্র বোমবর্ষণ অব্যাহত রেখেছে। তাই আমরা ইউক্রেইন থেকে রুশ বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার হওয়া ছাড়া আর অন্য কিছু দেখতে চাই না।”
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য সত্যিকারের আগ্রহের কোনও চিহ্ন আমেরিকা দেখতে পায়নি।”
