শান্তি বৈঠকে কিইভ-চেরনিহিভে হামলা কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার
তুরস্কে ইস্তাম্বুলের শান্তি বৈঠকে ইউক্রেইনের রাজধানী কিইভ এবং উত্তরাঞ্চলীয় ইউক্রেইন নগরী চেরনিহিভ ঘিরে সামরিক অভিযান আমূল কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন বলেছেন, “আলোচনার পরিবেশ সৃষ্টি করতে রাশিয়া কিইভ এবং চেরনিহিভের কাছে লড়াইয়ের তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।”
অন্যদিকে, ইউক্রেইন হামলা থেকে সুরক্ষা পাওয়ার আন্তর্জাতিক নিশ্চয়তা পেলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার প্রস্তাব দিয়েছে।
ইউক্রেইনের আলোচকরা বলেছেন, তারা এমন একটি অবস্থান বজায় রাখার প্রস্তাব দিয়েছেন, যার আওতায় ইউক্রেইন কোনও জোটে যোগ দেবে না কিংবা বিদেশি সেনা রাখার ঘাঁটিও হবে না।
তবে নেটোর ‘অনুচ্ছেদ ৫’ যৌথ প্রতিরক্ষা নীতির মতো ব্যবস্থার আওতায় ইউক্রেইনের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। এ অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনও একটি মিত্রদেশের ওপর আক্রমণকে সব মিত্রের ওপর হামলা হিসাবে বিবেচনা করা হয়।
ইউক্রেইন এই ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে সাহায্য করতে পারে এমন কয়েকটি দেশের নামও উল্লেখ করেছে। এ দেশগুলো হচ্ছে, ইসরায়েল এবং নেটো সদস্যদেশ কানাডা, পোল্যান্ড ও তুরস্ক।
রাশিয়ার শীর্ষ আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, তিনি ইউক্রেইনের প্রস্তাব খতিয়ে দেখবেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট পেশ করবেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের ইস্তাম্বুলের বসফোরাস প্রণালী তীরবর্তী দপ্তর দলমাবাচে প্রাসাদে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার শান্তি আলোচনা হয়েছে।
প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় পর দুই পক্ষ মুখোমুখি এ আলোচনায় বসে। কিইভের পক্ষ থেকে এ বৈঠকেই সবচেয়ে বিস্তারিত এবং বাস্তবসম্মত প্রস্তাব সামনে আনা হল।
ইউক্রেইনের আলোচক ওলেক্সান্দর চ্যালি বলেছেন, “এগুলো আমাদের জন্য খুবই মৌলিক চাহিদা। আমরা এই জরুরি প্রয়োজনগুলো মেটাতে পারলেই তখন ইউক্রেইন স্থায়ীভাবে নিরপেক্ষতা বজায় রেখে একটি অ-জোটভুক্ত এবং অ-পারমাণবিক রাষ্ট্র হিসাবে নিজেদের অবস্থান পোক্ত করে নিতে পারবে।”
“আমরা আমাদের ভূখন্ডে কোনও বিদেশি সামরিক ঘাঁটি হতে দেব না। সেনাদলও মোতায়েন হতে দেব না। আমরা কোনও সামরিক-রাজনৈতিক জোটেও সামিল হব না”, বলেন চ্যালি।
তাছাড়া, সামরিক মহড়া নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী দেশগুলোর সম্মতিতে অনুষ্ঠান করা হবে বলেও জানান তিনি।
বৈঠকের আলোচনা অর্থবহ হয়েছে এবং এর মধ্য দিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে বসার পট প্রস্তুত হয়েছে বলে উল্লেখ করেছেন ইস্তাম্বুলে রাশিয়ার মুখপাত্র মেদিনস্কি।
তিনি বলেন, আগামীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়া সম্ভব।
ওদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগলু বৈঠকের প্রশংসা করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
