২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউক্রেইনকে দুই ভাগ করতে চাইছে রাশিয়া'

গোটা দেশকে দখল নিতে ব্যর্থ হয়ে এখন ইউক্রেইনকে দুই ভাগে বিভক্ত করে মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরির চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 07:52 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গোয়েন্দা সংস্থা প্রধান কিরিলো বুদানভ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মতো ইউক্রেইনে ভাগ করতে চাইছে। তিনি আরও বলেন, তার দেশ শিগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একমাসের বেশি সময় ধরে লড়াই চলছে।

ইউক্রেইনের সামরিক বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তারা বলছেন, পুতিন হয়ত ইউক্রেইনের নেটোতে যোগ দেওয়া ঠেকাতে এখনও গোটা দেশের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ নিয়ে আসতে চাইতে পারেন।

তবে তিনি এতে জয় পাওয়ার ব্যাপারে নিশ্চিতও নন। এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছিলেন, রাশিয়া ইউক্রেইনে অপ্রত্যাশিতরকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বিশেষত কিইভে অগ্রসর হওয়ার ক্ষেত্রে।

ইউক্রেইনের সামরিক বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তারা বলছেন, গোটা দেশ নিয়ন্ত্রণে আনাটা সম্ভবত রাশিয়ার পরিকল্পনার মধ্যে নেই।

রাশিয়ার সেনারা যেভাবে এগুচ্ছে তাতে তারা ইউক্রেইনের দুর্বল অবস্থানগুলো থেকে আশপাশ ঘিরে অতর্কিতে হামলার কৌশল নিয়েছে বলে আভাসা পাওয়া যাচ্ছে।

রাজধানী কিইভ দখল এবং ইউক্রেইনকে দুইভাগে ভাগ করে কৃষ্নসাগরের দক্ষিণে একটি স্থল করিডোর তৈরি করা রাশিয়ার পরিকল্পনা বলে প্রতীয়মান হচ্ছে।

ইউক্রেইন দুইভাগে ভাগ হলে একটি হতে পারে জাতিগত পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র। সেখানে বেলরুশের মতো শাসব্যবস্থা কায়েম হতে পারে। আর আরেকটি হতে পারে রাশিয়া-ভিত্তিক পূর্বাঞ্চলীয় রাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া তার যুদ্ধ কৌশলে সফল হলে মস্কো পূর্ব ইউক্রেইন এবং সরাসরি এর উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে। আর পশ্চিম ইউক্রেইন হয়ে পড়তে পারে করদ রাষ্ট্র (ভাসাল স্টেট)। এতে করে সেখানে দীর্ঘমেয়াদে রাশিয়ার দখলদারিত্বের খরচও কমবে।

পোল্যাণ্ড ভিত্তিক রোশান কনসালটেন্সি ফার্মের পরিচালক কোনার্ড মুজিকা বলছেন, “আমি মনে করি এখন তারা (রুশরা) মলদোভা বরাবর একটি স্থলসেতু বানাতে চায়।”