‘অস্তিত্বের হুমকিতে’ পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, ইউক্রেইনে ‘বিশেষ অভিযানের’ চার সপ্তাহ হতে চললেও এখন পর্যন্ত মস্কো তার সামরিক লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারেনি।
পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না, এমন প্রতিশ্রুতি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। মস্কো যদি তার দৃষ্টিতে নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে পড়তে দেখে তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে- এমনটি পেসকভ উড়িয়ে দেননি বলেই জানিয়েছে সিএনএন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোন পরিস্থিতিতে পুতিন তার পারমাণবিক সক্ষমতা ব্যবহার করতে পারেন এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “যদি আমাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়, তখন হতে পারে।”
এর আগে পুতিনও তার দৃষ্টিতে রাশিয়ার জন্য হুমকি বিবেচিত হওয়া দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন।
ফেব্রুয়ারিতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, “আমাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করা কিংবা আরও বেশি কিছু, আমাদের দেশ ও জনগণের জন্য হুমকি সৃষ্টি করার চেষ্টাকারী, সে যে-ই হোক না কেন, তাদের জেনে রাখা দরকার, এমন পরিস্থিতিতে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে এবং এর পরিণতি এমন হবে যে আপনারা আপনাদের পুরো ইতিহাসে এমনটা আর কখনোই দেখেননি।”
পরে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি পারমাণবিক অস্ত্র ‘প্রস্তুত রাখার’ নির্দেশ দেন।
ইউক্রেইনে এখন পর্যন্ত কী কী লক্ষ্য অর্জিত হয়েছে বলে পুতিন মনে করছেন, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “প্রথমত, এখনও কিছুই অর্জিত হয়নি। তিনি এখন পর্যন্ত কিছু অর্জন করতে পারেননি।”
তবে ক্রেমলিনের এই মুখপাত্র বলেছেন, তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ পরিকল্পনা অনুযায়ীই চলছে।
এমন এক সময়ে সিএনএন ক্রেমলিনের মুখপাত্রের এ সাক্ষাৎকার নিল যখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে ইউক্রেইনের বিভিন্ন অংশে রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে গেছে বলে দাবি করা হচ্ছে।
সাক্ষাৎকারে পেসকভ ইউক্রেইনের কাছে পুতিনের দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন; বলেছেন, তাদের অভিযানের প্রধান লক্ষ্যই হচ্ছে ইউক্রেইন যেন ‘নিরপেক্ষ দেশে’ পরিণত হয় তা নিশ্চিতে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া, তাদের ‘জাতীয়তাবাদী ব্যাটেলিয়ানগুলোকে’ ধ্বংস করা।
ক্রিমিয়া রাশিয়ার- এটা মেনে নিতে বাধ্য করার পাশাপাশি লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকে কিইভের স্বীকৃতিদানও তাদের অন্যতম লক্ষ্য।
পেসকভ বলেছেন, রুশ বাহিনী কেবল সামরিক লক্ষ্যেই হামলা চালাচ্ছে। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে রাশিয়ার বিমানগুলো নিরীহ ইউক্রেইনীয়দের আশ্রয় দেওয়া বেসামরিক লক্ষ্যে আঘাত হানছে বলেও জানানো হচ্ছে।
