২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনায় নয়ত যুদ্ধে’ রাশিয়া লক্ষ্য পূরণ করবেই: পুতিন

রাশিয়া তার লক্ষ্য পূরণ করেই ছাড়বে; সেটা আলোচনার মাধ্যমে হোক বা যুদ্ধ করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 12:51 AM

Updated : 02 Aug 2022, 03:04 PM

রোববার ম্যাক্রোঁর কার্যালয় দ্য এলিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে এবং সেখানকার পরমাণু ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানাতে রোববার আবারও পুতিনকে ফোন করেছিলেন ম্যাক্রোঁ।

গত শুক্রবার ভোরে রুশ বাহিনী ইউক্রেইনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করে। তারা চতুর্দিক থেকে গোলা বর্ষণ করলে এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জেপোরোজিয়া। রুশ বাহিনী পরমাণু কেন্দ্রটির দখল নিয়েছে।

সিএনএন জানায়, পরে ফেইসবুকে এক পোস্টে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘‘একমাত্র রাশিয়া ছাড়া আর কোনো দেশ কোনো অটোমেটিক পাওয়ার প্ল্যান্টে গোলা হামলা চালায়নি। প্রথমবার, ইতিহাসে প্রথমবার।”

পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ মানবজাতির উপর কতটা দুর্যোগ বয়ে আনতে পারে পুরো বিশ্ব তার প্রমাণ দেখেছে ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু ক্ষেত্র বিস্ফোরণের সময়।

ফ্রান্সের প্রেসিডেন্ট তাই ফোন করে পুতিনকে ইউক্রেইনের কোনো পরমাণু কেন্দ্রে হামলা না করার অনুরোধ জানিয়েছেন বলে এলিস প্রাসাদের বিবৃতিতে জানানো হয়।

জবাবে পুতিন বলেছেন, রাশিয়ার পরমাণু কেন্দ্রে হামলার কোনো ইচ্ছা নেই। একই সঙ্গে তিনি এও বলেন, ‘হয় আলোচনা, না হয় যুদ্ধ’ যেভাবেই হোক রাশিয়া তার লক্ষ্য পূরণ করবেই।

ওদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পুতিন ম্যাক্রোঁকে ফোনে জেপোরোজিয়া পরমাণু কেন্দ্রে হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করে বলেছেন, ‘‘ইউক্রেইনীয় চরমপন্থিরা সেখানে ইচ্ছা করে উসকানি দিয়েছে।”

ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেইন এবং রাশিয়ার সেনারা যৌথভাবে জেপোরোজিয়া পরমাণু কেন্দ্র পাহারা দিচ্ছে এবং সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা ‘স্বাভাবিক’ আছে।