২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারিওপোল আমাদের হাতেই আছে: ইউক্রেইন সামরিক বাহিনী

রাশিয়ার সেনারা ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোল ঘিরে ফেললেও শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেনি বলে জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 01:25 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

শহরটি ইউক্রেইনীয়দের হাতেই আছে বলে বৃহস্পতিবার দাবি করেছে তারা, জানিয়েছে বিবিসি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা গোলাবর্ষণ করছে আক্রমণকারী রুশ সেনারা। এতে শহরটি ‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে জানিয়েছেন নগরীর উপ-মেয়র সের্গিয়ে ওরলোভ।

“রাশিয়ার সেনাবাহিনী এই নগরীতে তাদের সব অস্ত্রই ব্যবহার করছে। কামানের গোলা, রকেট, বিমান কোনওকিছুই বাদ নেই। তারা নগরীকে ধ্বংস করে দিতে চাইছে,” বলেছেন ওরলোভ।

মারিওপোল দখলে নেওয়া কৌশলগত দিক থেকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই নগরীর অবস্থান ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে। তাই মারিওপোল দখলে এলে পূর্ব ইউক্রেইনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য ক্রিমিয়ায় থাকা সেনাদের সঙ্গে যোগ দেওয়ার পথ সুগম হবে।

এক বিবৃতিতে ইউক্রেইনীয় সামরিক বাহিনী বলেছে, রুশ বাহিনীগুলো রাজধানী কিয়েভ সংলগ্ন ভিশগরোদ, ফাস্তিভ ও ওবুখিভে আক্রমণ অব্যাহত রেখেছে, অন্যান্য এলাকায়ও রাশিয়ার আরও সেনা শিবির দেখা গেছে।

কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়ার ছত্রীসেনাদের দেখা গেছে, তারা রকেট বোট নিয়ে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসার দিকে এগিয়ে যাচ্ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে ইন্টারনেট ব্যবহারকারীদের ‘গোলাবর্ষণের প্রকৃত সময়’ শেয়ার না করার জন্য বলা হয়েছে। রাশিয়ার গোলন্দাজরা এর সুযোগ নিতে পারে বলে এতে সতর্ক করা হয়েছে।  

বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেইনীয় সামরিক বাহিনীর এসব দাবি যাচাই করতে পারেনি।

আরও পড়ুন:

‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ ইউক্রেইনের মারিওপোল