২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সংঘাত: বিস্ময় আর দ্বিধায় মস্কোবাসী

বিস্ময়, আতঙ্ক আর দ্বিধা- এই তিনটি শব্দে ধরা পড়েছে রাজধানী মস্কো এবং দক্ষিণের শহর রোস্তভের রুশ নাগরিকদের অনুভূতি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের বিষয়ে নিন্দা এবং প্রশংসা দুটোই পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 07:12 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বৃহস্পতিবার রাশিয়ায় বিবিসির প্রতিবেদকরা এই দুটি শহরের রাজপথে ঘুরে সাধারণ নাগরিকদের কাছ থেকে জেনেছেন ইউক্রেইন অভিযান নিয়ে তাদের প্রতিক্রিয়া।

রাস্তায় সুবেশধারী দুই তরুণের সঙ্গে কথা হয় বিবিসি প্রতিবেদকের। তাদের একজন বেশ সহজভাবেই বলেন, “হ্যাঁ শুনেছি কিছু এটা ঘটছে, তবে কী ঘটেছে তা নিয়ে খুব বেশি জানার সময় এখনও পাইনি।”

তাকে থামিয়ে দিয়ে সঙ্গে থাকা বন্ধুটি অবশ্য বললেন, “আমরা বিস্মিত হয়েছি। আমরা জীবনে কখনও যুদ্ধ দেখিনি এবং এখন আমরা একটি যুদ্ধ দেখতে যাচ্ছি।”

নীল কোট পরা এক ব্যক্তিকে বিষয়টি নিয়ে বেশ ভারাক্রান্ত হয়ে ওঠেন।

“কি করা উচিত তা বোঝা যাচ্ছে না এবং এটা খুবই ভয়ঙ্কর। আমাদের কর্তৃপক্ষ যা করছে তা নিয়ে ভয় ছাড়াও আতঙ্ক এবং লজ্জার একটি অনুভূতি কাজ করছে। আমার বন্ধুমহলে সবার অনুভূতিও একই রকম।

“যারা এখন ক্ষমতায় আমি তাদের কখনো ভোট দেইনি। আমার যা করার আমি করেছি, রাশিয়ার রাজনৈতিক জীবনকে প্রভাবিত করতে একজন ব্যক্তির যা করা সম্ভব- প্রতিবাদ-বিক্ষোভ করেছি। কিন্তু আমার মনে হয় না এখন তেমন কিছু হবে। প্রত্যেকেই খুব ভয়ে আছে।”

সাধারণত যুদ্ধের বিরোধী হলেও ইউক্রেইনে রাশিয়ার অভিযানের খবরে কী করা উচিত তা বুঝে উঠতে পারছেন না বলে জানালেন একজন নারী।

“রাজনীতিকরা নিজেদের মধ্যে বিষয়গুলো বোঝাপড়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ এর খেসারত দিচ্ছে। আমার পরিবারের জন্য এটা কোনো সুফল বয়ে আনবে না।”

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মস্কোর পুশকিন সেন্টারে জড়ো হয়েছিলেন বেশকিছু মানুষ। বিবিসি রাশিয়ার প্রতিবেদক আনাস্তাশিয়া গোলুবেভা অনুমান করছেন, এই সংখ্যা দুইশর বেশি হতে পারে।

পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। যারাই ‘যুদ্ধের প্রতি না!’ স্লোগান দিয়েছে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এক তরুণ বিবিসিকে বললেন, “আমি সারাদিন কেঁদেছি। ইউক্রেইনে মানুষ মারা যাচ্ছে। শিশুরা মারা যাচ্ছে। যারা লড়ছে তারা মারা যাচ্ছে। এবং এরপর কী? আমরা, তরুণ রুশরা, ১৯-২০ বছর বয়সীরাও যুদ্ধে নামবো?”

প্রতিবাদ মিছিলে যোগ দিতে তিনি এবং তার বন্ধুরা ভয়ে ছিলেন কী না জানতে চাইলে তিনি বলেন, “না, এটা ভয়ের না। ইউক্রেইন এবং তার সীমান্তে  যা ঘটছে সেটা ভয়ের। এখানে আমাদের জন্য এটা কিছুই না।” 

প্রতিবাদ সমাবেশ থেকে অনেকটা দূরে ফ্যাকাশে নীল কোট পরা এক ব্যক্তি জানান, তিনি ইউক্রেইন এবং রাশিয়া দুই দেশকেই ভালোবাসেন, কিন্তু রুশ প্রসিডেন্ট পুতিনকে পছন্দ করেন না।

অবশ্য বয়স্ক তিনজন মানুষ- যাদের মধ্যে দুইজন মাঝবয়সী এবং একজন বৃদ্ধা, রাশিয়ার এই অভিযানের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

বেইসবল ক্যাপ পরা এক ব্যক্তি ইউক্রেইনে থাকা ‘রুশদের সুরক্ষার’ বিষয়ে আলাপ তোলেন। তিনি ইউক্রেনীয়দের দায়ী করে বলেন, “নিজেদের ভুলের জন্য তারা এই পরিস্থিতিতে পড়েছে।”

“ইতিহাসের পুরোটা জুড়েই তারা সব সময় সমস্যা সৃষ্টি করে এসেছে,” বলেন তিনি।

গোলাপী কোট এবং হ্যাট পরা এক নারী ইউক্রেইনে থাকা রুশ নাগরিকদের প্রসঙ্গ টেনে বলেন, “সেখানে রাশিয়ার মানুষও বসবাস করে।”

ইউক্রেইনীয় বাসিন্দাদের বিষয়ে প্রশ্ন তুললে, তিনি বলেন, “ইউক্রেইনিয়ানরা বেশিরভাগই সন্ত্রাসী।” তাৎক্ষণিকভাবেই তিনি যোগ করে বলেন, রাষ্ট্রীয় টেলিভিশন আর ইউটিউবে তিনি এই তথ্য পেয়েছেন।

বয়স্ক আরেকজন রুশ নাগরিক বলেন, “এটা শান্তির জন্য করা হচ্ছে। এরপর সবকিছু ঠিক হয়ে যাবে।”

আরও পড়ুন

পতন হবে কিয়েভের, আশঙ্কা যুক্তরাষ্ট্রের  

কিয়েভে ঢুকছে রাশিয়ার ট্যাংক: ইউক্রেইন  

ইউক্রেইনে যুদ্ধের দ্বিতীয় দিন: কিয়েভে বিস্ফোরণ  

আমাদের একাই লড়তে হচ্ছে: জেলেনস্কি  

সন্ত্রাসীদের থেকে চেরনোবিলকে রক্ষা করছি আমরা: রাশিয়া