২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের থেকে চেরনোবিলকে রক্ষা করছি আমরা: রাশিয়া

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রক্ষার’ জন্যই রুশ সেনারা সেটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 05:06 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

“জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো ইউক্রেইনের পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো পারমাণবিক উস্কানি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতেই এটি করা হয়েছে,” বলে জানিয়েছে তারা।

তারা আরও বলেছে, বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে বিকিরণ স্বাভাবিক আছে এবং কর্মীরা তেজস্ক্রিয়তার মাত্রা পর্যবেক্ষণ করে যাচ্ছে।  

বৃহস্পতিবার রাশিয়ার সৈন্যরা ১৯৮৬ সালে ভয়াবহ দুর্ঘটনায় পড়ার পর থেকে বন্ধ হয়ে থাকা সোভিয়েত আমলের এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়।

বিবৃতিতে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধে অগ্রগতির দাবিও করেছে। দোনেৎস্ক ও লুহানস্কে তাদের সেনারা এগিয়ে গেছে বলে জানিয়েছে তারা।

ইউক্রেইন সামরিক বাহিনীর বহু স্থাপনা, অস্ত্র ও সামরিক যান ধ্বংস হয়েছে এবং ১৫০ জনেরও বেশি ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে তারা।

তবে ফেইসবুক পোস্টে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী এর পাল্টা দাবি করেছে। দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়ার বাহিনীকে ফ্রন্ট লাইন বরাবর আটকে রাখা হয়েছে এবং সেখানে রাশিয়ার বাহিনীগুলো ‘কোনো সাফল্য পায়নি’ বলে দাবি করেছে তারা। অন্য এলাকাগুলোতে তারা রুশ বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে বলেও দাবি করেছে।

শুক্রবার ইউক্রেইনের পারমাণবিক সংস্থা বলেছে, অকেজো হয়ে থাকা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে বর্ধিত বিকিরণ মাত্রা রেকর্ড করেছে তারা।

তবে কোনো পক্ষের দাবিই তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসি জানিয়েছে।