২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঝড় ইউনিস: যুক্তরাজ্যে ২ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন

যুক্তরাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় ইউনিস। দেশজুড়ে দুই লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আয়ারল্যান্ডে একজন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 12:02 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

ইংল্যান্ডের উইল্টশায়ারে একটি গাছ উপড়ে গাড়ির উপর পড়ে তিনজন আহত হয়েছেন বলে জানায় বিবিসি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল।

ঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। যদি তাই হয় তবে ১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবার ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

শুক্রবার ঝড়ের মধ্যে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া, টেমস ভ্যালিতে তীব্র গতির বাতাসের ধাক্কায় ছাদ থেকে উড়ে আসা বস্তুর আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুইটি আলাদা জায়গায় বাতাসে উড়ে আসা বস্তুর আঘাতে দুই ব্যক্তি আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনেক জায়গায় রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

‘রেল ডেলিভারি গ্রুপ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ সময় যাদের টিকিট অগ্রিম কাটা ছিল তারা কোনো ধরণের ফি কর্তন ছাড়াই টিকেটের মূল্য ফেরত নিতে পারবেন বা সপ্তাহান্তে তাদের টিকেট ব্যবহার করতে পারবেন।

সাউথ-ওয়েস্ট ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

বিবিসি ওয়েদারে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে।

ঝড়ের কারণে চারশ’র বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়লো যুক্তরাজ্য; দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘর বাড়িকে।

যুক্তরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় ইউনিস  

ইউনিসের কারণে লাল সতর্কতা ছাড়াও বিভিন্ন এলাকায় নানান ধরনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। যা ধীরে ধীরে নামিয়ে নেওয়া শুরু হয়েছে।

যুক্তরাজ্যে সাধারণত খুবই বিরল ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়। এই সতর্কতার অর্থ হচ্ছে, ঝড়ের বাতাস ঘরের ছাদ উড়িয়ে নিতে পারে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন ও গাছ উপড়ে ফেলতে পারে এবং বাতাসে উড়ে বেড়ানো ধ্বংসাবশেষ যে কারও জীবনের জন্য হুমকি হয়ে আবির্ভূত হতে পারে।

গত বছরের নভেম্বরে ঝড় আরওয়েনের সময় সর্বশেষ লাল সতর্কতা জারি করেছিল দেশটি; তার আগে ২০১৮ সালে তথাকথিত ‘উত্তরের দানো’র সময় এমন সতর্কতা জারি হয়।

ঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার জরুরি ‘কোবরা’ বৈঠক করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।