২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় ইউনিস

কয়েক দশকের মধ্যে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্যের লাখো মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 02:41 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

দেশটির আবহাওয়া বিভাগ দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস, লন্ডন, দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইংল্যান্ডে বিরল লাল সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

ঝড়ের কারণে কয়েকশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়েলসে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে; প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

শুক্রবার ইউনিস ঘণ্টায় ৯০ মাইল বেগের বাতাস নিয়ে হাজির হয়ে জীবনযাপনে বিঘ্ন ঘটাতে পারে এবং অনেককেই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।

বিবিসির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইউনিস তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আবির্ভূত হতে পারে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য; দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘরবাড়িকে। 

ইউনিসের কারণে লাল সতর্কতা ছাড়াও বিভিন্ন এলাকায় নানান ধরনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

যুক্তরাজ্যে সাধারণত খুবই বিরল ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়। এই সতর্কতার অর্থ হচ্ছে, ঝড়ের বাতাস ঘরের ছাদ উড়িয়ে নিতে পারে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন ও গাছ উপড়ে ফেলতে পারে এবং বাতাসে উড়ে বেড়ানো ধ্বংসাবশেষ যে কারও জীবনের জন্য হুমকি হয়ে আবির্ভূত হতে পারে।

গত বছরের নভেম্বরে ঝড় আরওয়েনের সময় সর্বশেষ লাল সতর্কতা জারি করেছিল দেশটি; তার আগে ২০১৮ সালে তথাকথিত ‘উত্তরের দানো’র সময় এমন সতর্কতা জারি হয়।

বিবিসির আবহাওয়াবিদ বেন রিচ বলেছেন, ইউনিসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উপকূলীয় এলাকায় বন্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

“তবে ঝড়টি ঠিক কতটা ভয়াবহ হতে যাচ্ছে তা জানা অসম্ভব। একই শক্তির বাতাস যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ঘণ্টায় ৮০ মাইল বেগের বাতাসের ক্ষেত্রে পশ্চিম স্কটল্যান্ডের উপকূল দক্ষিণ ইংল্যান্ডের এলাকাগুলোর চেয়ে বেশি প্রস্তুত,” বলেছেন তিনি।

বিবিসি ওয়েলসের আবহাওয়াবিদ ডেরেক ব্রকওয়ে বলেছেন, ইউনিস ঘূর্ণিঝড় না হলেও, এর বাতাস ঘূর্ণিঝড়ের শক্তির মাত্রায় পৌঁছাতে পারে।

ঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে বাগানে জিনিসপত্র ‘বেঁধে রাখতে’, দরজা-জানালা শক্ত করে আটকাতে এবং গাড়ি গ্যারেজের ভেতর রাখতে, সম্ভব হলে দেয়াল ও গাছ থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভব হলে ভ্রমণ বাদ দিতে এবং ঝড়ের বাতাস যখন সর্বোচ্চ গতিতে পৌঁছাবে সেসময় ঘরে থাকতেও লোকজনকে বলা হচ্ছে।

তীব্র বাতাসের কারণে কর্নওয়াল, ডেভন, সমারসেট ও ব্রিস্টলসহ বিভিন্ন এলাকায় শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেশিরভাগ ওয়েলস কাউন্সিলও তাদের এলাকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে; বিশ্ববিদ্যালয়গুলোও একই পথ অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে।

ইউনিসের কারণে ইংল্যান্ডের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা দেখা যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার জরুরি ‘কোবরা’ বৈঠক করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, ঝড় ইউনিসের কারণে তাদের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে। ফ্লাইটের অবস্থা সম্বন্ধে যাত্রীদের আগে থেকে খোঁজ নিতে বিমানবন্দরগুলো পরামর্শ দিয়েছে। 

দুর্ঘটনা এড়াতে শুক্রবার অনেক দর্শনীয় স্থান ও সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে প্রিন্স অব ওয়েলস নিউপোর্ট অ্যান্ড সোয়ানসিতে তার পরিকল্পিত সফরও বাতিল করেছেন।