২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে দলিত ছেলেকে বিয়ে করায় পরিবারের ৩ সদস্যকে মেরে আত্মহত্যা

বড় মেয়ে দলিত এক ছেলেকে বিয়ে করায় ক্ষিপ্ত ভারতের তামিল নাডুর এক ব্যক্তি স্ত্রী ও ছোট দুই মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 05:06 PM

Updated : 28 Apr 2022, 11:41 PM

লক্ষ্মানন নামের ওই ব্যক্তি নাগাপাত্তিনাম জেলার বাসিন্দা; তিনি একটি চা দোকান চালাতেন।

নাগাপাত্তিনামের পুলিশ সুপারিনটেন্ডেন্ট জি জওহর জানান, বড় মেয়ের দলিত এক ছেলেকে বিয়ে করা নিয়ে ক্ষিপ্ত ছিলেন লক্ষ্মানন। এ কারণেই তিনি স্ত্রী ও অন্য দুই মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

হত্যার শিকার দুই মেয়ের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনার সময় লক্ষ্মাননের বড় মেয়ে স্বামীর কাছে ছিলেন। তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন জওহার।

বেদনাদায়ক এ ঘটনা নিয়ে তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।

ভারতে জাতপাত নিয়ে বৈষম্য এবং অন্য জাতের কারও সঙ্গে বিয়েকে কেন্দ্র করে আত্মীয়দের হামলার ঘটনা বিরল নয়।   

২০১৬ সালেও তামিল নাডুর ত্রিপুর জেলার উদুমালপেটে এক দলিত ছেলেকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়।

নিহতের স্ত্রীর পরিবারের সদস্যরা ছিলেন ‘উঁচু জাতের’, তাদের ভাড়া করা গুণ্ডারাই ২৩ বছর বয়সী ভি শঙ্করকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

সন্ত্রাসীদের হামলায় প্রকৌশলবিদ্যার ছাত্র শঙ্করের মৃত্যুর পাশাপাশি তার স্ত্রী কৌশল্যও গুরুতর আহত হন।

এ ঘটনা নিয়ে হওয়া মামলায় বিচারিক আদালত কৌশল্যর বাবা চিন্নস্বামীসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিলেও ২০২০ সালে মাদ্রাজ হাইকোর্ট চিন্নস্বামীকে খালাস এবং বাকিদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দেয়।