২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের মামলায় আপস রফায় এলেন প্রিন্স অ্যান্ড্রু

যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের মামলায় বিচারের মুখে পড়া ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মামলার বাদী ভার্জিনিয়া জোফ্রের সঙ্গে আদালতের বাইরে আপস রফায় এসেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 11:53 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

নিউ ইয়র্কের আদালতে অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি এনেছিলেন ভার্জিনিয়া জোফ্রে নামের এক নারী। অ্যান্ড্রু ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জেলা আদালতে একটি চিঠি জমা দিয়ে জানানো হয়েছে, ভার্জিনিয়া জোফ্রে এবং ডিউক অব ইয়র্ক আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছেছেন।

মামলা তুলে নেওয়ার জন্য জোফ্রেকে একটি নির্দিষ্ট অংকের অর্থ দেবেন অ্যান্ড্রু, তবে সেই অংক প্রকাশ করা হয়নি।

জোফ্রে ও অ্যান্ড্রুর আইনজীবীদের যৌথ স্বাক্ষরে এক বিবৃতিতে বলা হয়েছে দুই পক্ষ ‘নীতিগতভাবে এই সমঝোতায়’ উপনীত হয়েছে।

“ভার্জিনিয়া জোফ্রে সমঝোতার অর্থ পাওয়ার পর দুই পক্ষ এই মামলা তুলে নিতে আবেদন জমা দেবে।”

যৌন নিপীড়নের শিকার নারীদের অধিকার রক্ষায় সহায়তার জন্য জোফ্রের দাতব্য সংস্থায় অ্যান্ড্রু ‘একটি উল্লেখযোগ্য পরিমাণ’ অর্থ দান করবেন বলেও জানানো হয় সেখানে।

ভার্জিনিয়া জোফ্রে এবং অন্যান্য ভুক্তভোগীদের সাহসিকতার জন্য প্রশংসাও করা হয়েছে ওই বিবৃতিতে।

প্রিন্স অ্যান্ড্রুর আইনজীবীরা বলে আসছিলেন, তাদের মক্কেল ভার্জিনিয়া জোফ্রের করা মামলায় লড়তে প্রস্তুত এবং এ বছরের শেষে অনুষ্ঠেয় বিচার প্রক্রিয়ায় জুরিদের মুখোমুখি হতে তৈরি আছেন।

তবে আদালতে সমঝোতার চিঠি ও বিবৃতি জমা দেওয়ার পর ডিউকের প্রতিনিধিরা জানিয়েছেন, এই মামলা নিয়ে তিনি আদালতে যে নথি জমা দিয়েছেন তার বাইরে আর কোনো মন্তব্য করতে চান না।

বাকিংহ্যাম রাজপ্রাসাদও এই সমঝোতা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

আর্থিক এই সমঝোতায় সুনির্দিষ্টভাবে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে তা গোপন থাকলেও, গুঞ্জন আছে কয়েক লাখ পাউন্ডের বিনিময়ে বিষয়টির সুরাহা করেছেন প্রিন্স।

আর তাতে করে আরেকটি প্রশ্ন ডালপালা মেলছে। ডিউক অব ইয়র্ক, যিনি রয়্যাল নেভির পেনশন ও রানির পক্ষ থেকে একটি মাসোহারার ওপর চলেন, কীভাবে এই সমঝোতার অর্থ তিনি যোগাড় করছেন।

রিডস সলিসিটরের একজন আইনজীবী কেইট ম্যাকন্যাব বলেন, “এটা প্রত্যাশিত যে সমঝোতার অর্থ কীভাবে মেটানো হচ্ছে তা জানতে চাওয়ার দাবি উঠতে পারে। সেটা সরকারি তহবিল থেকে, না ব্যক্তির পকেট থেকে? মানুষ তো জানতে চাইবে।”

রাজতন্ত্র-বিরোধী গোষ্ঠী রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথ বলেছেন, সমঝোতার এই অর্থ কোথা থেকে আসছে করদাতাদের তা জানার অধিকার আছে।

২০২১ সালের অগাস্টে ভার্জিনিয়া জোফ্রে (৩৮) নিউ ইয়র্কে ওই রাজ্যের চাইল্ড ভিকটিম অ্যাক্টের অধীনে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা করেন। ওই আইনে শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন এমন ব্যক্তিদের বিচার চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

জোফ্রের অভিযোগ, দুই দশকের বেশি সময় আগে এপস্টিনের বান্ধবী গিলেইন ম্যাক্সওয়েলের লন্ডনের বাড়িতে অ্যান্ড্রু তাকে যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। এপস্টিনের মালিকানাধীন দুটি জায়গায় ব্রিটিশ প্রিন্স তার ওপর নিপীড়ন চালিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

সেখানে বলা হয়, অ্যান্ড্রু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মোট তিনবার নিপীড়ন করেন জোফ্রেকে, তখন তার বয়স ছিল ১৭ বছর - যুক্তরাষ্ট্রের আইনে তিনি তখন অপ্রাপ্তবয়স্ক।

২০১৯ সালে বিবিসিকে এক সাক্ষাৎকারে রানির ছেলে অ্যান্ড্রু বলেছিলেন ভার্জিনিয়া জোফ্রের সঙ্গে কখনো দেখা হওয়ার কোনো ‘স্মৃতি তার নেই’, এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার সঙ্গে যৌনকর্মের ‘কোনো ঘটনাই কখনো ঘটেনি’।

কিশোরীদের যৌননিগ্রহে সহায়তায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি এপস্টিনের বান্ধবী ম্যাক্সওয়েলকেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

আরও পড়ুন:

যৌন নিপীড়ন: রাজকীয় খেতাব হারালেন প্রিন্স অ্যান্ড্রু  

‘যৌন দাসীর’ সঙ্গে সংসর্গের অভিযোগ প্রত্যাখ্যান ব্রিটিশ প্রিন্সের  

যৌন কেলেঙ্কারি: দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রিন্স অ্যান্ড্রু  

প্রিন্সের যৌন কেলেঙ্কারি: ব্রিটিশদের পক্ষে চান অভিযোগকারী  

কারাগারে জেফরির মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন