শিগগিরই মন্ত্রিসভা রদবদলের পথে জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারকে চাঙ্গা করতে শিগগিরই মন্ত্রিসভা রদবদল করবেন বলে ধারণা করা হচ্ছে।
ডাউনিং স্ট্রিটে লকডাউনের সময় মদের পার্টি করা নিয়ে চাপের মুখে আছেন জনসন। ১০ নং ডাউনিং স্ট্রিটে তিনি এ বিষয় নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক শুরু করবেন।
সরকারে এই রদবদল ছোটখাট হবে- এমনটিই বলা হচ্ছে। বিবিসি’র রাজনৈতিক সম্পাদক লরা কুয়েন্সবার্গ বলেন, চীফ হুইপ মার্ক স্পেনসারকে সরিয়ে দেওয়া হবে।
কমন্স নেতা জ্যাকব রিস-মগকেও নতুন ব্রেক্সিট-সংশ্লিষ্ট ভূমিকায় দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী এরই মধ্যে অনেক উপদেষ্টা এবং ১০ নং ডাউনিং স্ট্রিটের অনেক স্টাফ পরিবর্তন করেছেন।
গত সপ্তাহে পদত্যাগ করেছেন ৫ জন। প্রধানমন্ত্রী জনসন বিরোধী দলগুলোসহ নিজ দল থেকেও পদত্যাগ করার চাপে পড়েছেন। লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে তদন্তে সু গ্রে একে নেতৃত্বের ব্যর্থতা বলে বর্ণনা করেছেন।
জবাবে জনসন সংস্কৃতির পরিবর্তন এবং কনজারভেটিভ এমপি দের সঙ্গে নীতি নির্ধারণ নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আর এখন জনসনের নেতৃত্ব নিয়ে কয়েকজন টোরি এমপিদের সমালোচনার মুখেই তিনি সরকারে রদবদল করতে চলেছেন।
৫৪ জন এমপি কনজারভেটিভ পার্টি ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে চিঠি লিখলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের পট প্রস্তুত করবে।
এই ভোটে হেরে গেলে পুরোদস্তুর নেতৃত্ব প্রতিযোগিতা শুরু হবে। যে প্রতিযোগিতার দৌড়ে জনসন নামতে পারবেন না।
ব্রিটিশ মন্ত্রিসভায় সর্বশেষ রদবদল হয়েছিল গতবছর সেপ্টেম্বরে। সে সময় সংস্কৃতি মন্ত্রী করা হয়েছিল নাদিন ডরিসকে এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রাস। আর ডমিনিক রাবকে পররাষ্ট্রদপ্তর থেকে সরিয়ে উপ-প্রধানমন্ত্রী করা হয়েছিল।
