ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের চূড়া ‘মধ্য ফেব্রুয়ারির মধ্যে’
ওমিক্রনের ‘সুনামি’তে ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যেই ভারতে কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।
সংক্রমণের ব্যাপকতা বুঝতে কোভিডের আরনট ভ্যালু বিশ্লেষণ করে মাদ্রাজ আইআইটি এ পূর্বাভাস দিয়েছে বলে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
একজন সংক্রমিত ব্যক্তি কতজনকে আক্রান্ত করতে পারেন, তা নিরূপণ করে থাকে আরনট ভ্যালু। এই ভ্যালু ১-র নিচে নামলে ধরে নেওয়া হয় মহামারী শেষ হতে চলেছে।
মাদ্রাজ আইআইটির সঙ্গে কথা বলে পিটিআই লিখেছে, চলতি সপ্তাহে (১-৬ জানুয়ারি) ভারতে আরনট ভ্যালু দাঁড়িয়েছে ৪-এ, যেখানে আগের সপ্তাহে (২৫-৩১ ডিসেম্বর) এ ভ্যালু ছিল ২.৯।
বিষয়টি খোলাসা করেছেন মাদ্রাজ আইআইটির গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. জয়ন্ত ঝা। তিনি বলেন, সংক্রমিত ব্যক্তি কতজনের সংস্পর্শে আসতে পারেন, বাস্তবে কতজনের সংস্পর্শে এসেছেন এবং প্রতি সংক্রমণে কত সময় লাগছে- এ তিন বিষয়ের ওপর আরনট ভ্যালু নির্ধারণ হয়ে থাকে।
“এখন কোয়োরেন্টিন বা কড়াকড়ির কারণে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শের ঘটনা কমবে। ফলে আরনট ভ্যালুও কমবে।”
গত দুই সপ্তাহের প্রবণতার ধারাবাহিকতা থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় উঠবে বলে জানিয়েছেন ড. জয়ন্ত। তবে তিনি এও বলেছেন, জনসমাগম ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে পরিস্থিতি বদলে যাবে।
বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অমিক্রনের দাপটে ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্বিতীয় ঢেউয়ের চূড়ায় আরনট ভ্যালু ১.৬৯ হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে ২.৬৯-এ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মাদ্রাজ আইআইটির হিসাবের তফাতের কারণে হিসেবে ড. জয়ন্ত বলেন, ভিন্ন ভিন্ন সময় হিসাব করার কারণে আলাদা ভ্যালু এসেছে। এবারের চূড়ায় শনাক্ত সংখ্যা বেশি হতে পারে।”
আগের দুই বারের চেয়ে এবারের ঢেউয়ের পরিস্থিতি ভিন্ন হওয়ার ক্ষেত্রে দুটি কারণ বলছেন ড. জয়ন্ত।
তার মতে, এবার টিকাদান হয়েছে ঠিকই কিন্তু সামাজিক দূরত্বের ব্যাপারে গাছাড়া ভাব আছে। প্রথম ঢেউয়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়, এবার লাফিয়ে লাফিয়ে শনাক্ত বাড়লেও তেমন বিধিনিষেধ নেই।
তবে ৫০ শতাংশের বেশি মানুষ যে টিকা পেয়েছে, সেটা আশার কথা বলে মন্তব্য করেন তিনি।
