২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2021, 11:38 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার বিকালে হিউসটন এলাকায় টিকা না নেওয়া এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওমিক্রন আক্রান্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর এই প্রথম প্রকাশ্যে এল বলে মনে করা হচ্ছে।

কারও দেহে করোনাভাইরাসের কোন ধরনটির সংক্রমণ ঘটেছে তা শনাক্ত করতে দেশজুড়ে ভাইরাসটির খুব কম শতাংশ নমুনাই পরীক্ষা করে দেখা হয়।

তাই বিশেষজ্ঞরা বলছেন, কোভিড পরীক্ষা আর এর ফল আসার মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থাকে এবং কোভিডে মৃত্যুর খবর আসতেও দেরি হয়। একারণে ওমিক্রনে আরও কারো মারা যাওয়ার খবর হয়ত এখনও সামনে আসেনি।

টেক্সাসের হ্যারিস কাউন্টি কর্তৃপক্ষ বলেছে, ওমিক্রনে মারা যাওয়া ব্যক্তির বয়স ৫০ এর কোঠায় ছিল। তিনি আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু টিকা নেননি।

“টিকা না নেওয়ার কারণে তিনি কোভিড-১৯ এর মারাত্মক জটিলতার ঝুঁকিতে ছিলেন এবং তার অবস্থা গুরুতর ছিল” বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হ্যারিস কাউন্টি জাজ লিনা সোমবার এক সাংবাদ সম্মেলনে ওমিক্রনে প্রথম মৃত্যুর খবর জানান। তিনি বলেন, “আমার ফোন বাজছিল, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফোনে আমাদের স্বাস্থ্য পরিচালক আমাকে বলছিলেন যে, এইমাত্র ওমিক্রনে আমাদের একজনের মত্যু হয়েছে।”

লিনা আরও বলেন, “ওমিক্রন বাঁধভাঙা সংক্রমণ ছড়াচ্ছে। টিকা যারা নিয়েছেন তারাও এতে আক্রান্ত হচ্ছেন। তবে তার মানে এই নয় যে টিকায় কাজ হচ্ছে না, বরং টিকা নিলে মানুষকে অন্তত হাসপাতালে যেতে হচ্ছে না- এমনটিই দেখা যাচ্ছে। কিন্তু আমরা আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে দেখছি।”

টেক্সাসের হ্যারিস কাউন্টিতে বর্তমানে দিনেই গড়ে ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দু’সপ্তাহ আগের গড় আক্রান্তের সংখ্যার চেয়ে এখনকার সংখ্যা ৫ গুনেরও বেশি। কাউন্টির প্রাপ্তবয়স্কদের ৫৯ শতাংশ টিকার পুরো ডোজ নিয়েছে।

লিনা বলেন, “এখন বুস্টার ডোজ নেওয়ার সময়। বড়দিন আসছে, নতুন বছর আসছে, আপনি নিজে এবং আপনার পরিবারকে স্বাস্থ্যর জন্য উপহার দিন। বুস্টার ডোজ নিন। বিশেষ করে যদি আপনার বয়স ৬৫ বা তার বেশি হয়।”