২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২২ সালের মহড়ায় বিদেশি বাহিনীর যোগদান অনুমোদন করল ইউক্রেইন

২০২২ সালে বড় ধরনের সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে ইউক্রেইন। আর তাতে বিদেশি সেনাদের অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 06:57 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার ইউক্রেইনের পার্লামেন্টে পাস হয়েছে এ সংক্রান্ত খসড়া আইন। রাশিয়ার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেইনের এমন সিদ্ধান্ত মস্কোকে কেবল আরও ক্ষুব্ধই করবে।

খসড়া আইনটি পার্লামেন্টে পেশ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এ আইনানুযায়ী, আগামী বছর ১০ টি বড় ধরনের সামরিক মহড়া চালানোর পরিকল্পনা রয়েছে ইউক্রেইনের।

ইউক্রেইন নেটো সদস্যভুক্ত দেশ না হওয়ার পরও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে।

রাশিয়া ও এর সহযোগীদের বৈরি কর্মকাণ্ড বেড়ে গিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রকাশ্যেই যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি বাড়তে থাকার মুখে ইউক্রেইন নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের এই পদক্ষেপ নিচ্ছে।

ইউক্রেইনে হানা দিলে রাশিয়াকে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে: বাইডেন

ইউক্রেইন: ডনবাস যুদ্ধ পরিস্থিতিকে 'গণহত্যা'র সঙ্গে তুলনা করলেন পুতিন

ইউক্রেইনে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই: বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র  

ইউক্রেইনের অভিযোগ, তাদের সীমান্তে রাশিয়া প্রায় ৯০,০০০ সেনা সমাবেশ করেছে। এতে রাশিয়া যে কোনও সময়ই ইউক্রেইনে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে রাশিয়া বলে আসছে, কেবলমাত্র প্রতিরক্ষার স্বার্থেই সীমান্তে তাদের এই সেনা সমাবেশ।

মঙ্গলবার ইউক্রেইনের পার্লামেন্টে সামরিক মহড়া সংক্রান্ত খসড়া আইন নিয়ে ভোটের আগে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি পেত্রেনকো জানান, ভূমি, সাগর এবং আকাশে সামরিক মহড়ায় অংশ নেবে ইউক্রেইনের ২১,০০০ সেনা। আর তাদের সঙ্গে যোগ দেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড, রোমানিয়া ও অন্যান্য দেশের আরও ১১, ৫০০ সেনা সদস্য।

পেত্রেনকো বলেন, “আমাদের ভূখণ্ডে বহুজাতিক সামরিক মহড়া চালানো হলে তা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে। সেইসঙ্গে এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার পালেও হাওয়া লাগবে।”

ওদিকে, রাশিয়া তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের পার্লামেন্টে মঙ্গলবার পাস হওয়া খসড়া আইনের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।