২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক বয়কট করে লাভ নেই: ম্যাক্রোঁ

বেইজিংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিকস কূটনৈতিকভাবে বয়কট করার কোনো পরিকল্পনা ফ্রান্সের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 12:32 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

বয়কটজাতীয় পদক্ষেপ অর্থহীন এবং নিছক প্রতীকী, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ এমনটাই বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ থেকে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বেইজিং অলিম্পিকসে সরকারি প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

যারা অলিম্পিক গেইমস বয়কট করছে তাদেরকে ‘ভুলের খেসারত দিতে হবে’ বলে চীন হুঁশিয়ারও করেছে।

ম্যাক্রোঁ বলেছেন, অলিম্পিকস নিয়ে রাজনীতি করা উচিত নয়।

“স্পষ্টভাবেই বলি, হয় আপনি পুরোপুরি বয়কট করবেন, অ্যাথলেটও পাঠাবেন না, নাহলে কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি বদলানোর চেষ্টা করবেন,” সংবাদ সম্মেলনে বলেন ম্যাক্রো।

কেবল ম্যাক্রোঁই নন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বয়কটের পদক্ষেপ জাতিসংঘের মহাসচিবকেও আকৃষ্ট করেনি। আন্তোনিও গুতেরেস বেইজিং অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার তার মুখপাত্র জানিয়েছেন।

প্যারিসে সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, কূটনৈতিকভাবে বয়কটের বদলে ফ্রান্স আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে অ্যাথলেটদের সুরক্ষায় একটি সনদ নিয়ে কাজ করবে। 

“আমার মনে হয় না এ বিষয়গুলো নিয়ে রাজনীতি হওয়া উচিত, বিশেষ করে এমন কোনো পদক্ষেপ তো নেওয়াই উচিত না যেগুলোর কোনো তাৎপর্য নেই এবং যা কেবলই প্রতীকী,” বলেছেন তিনি।