২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প আমলে জলবায়ু প্রশ্নে থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্র: ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশের সুরক্ষায় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য তার উত্তরসূরি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 11:09 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

সোমবার গ্লাসগোর কপ২৬ জলবায়ু সম্মেলনের ভাষণে ওবামা বলেন, ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে “আমাদের অগ্রগতি থমকে গিয়েছিল।”

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আগের মার্কিন প্রশাসনের সরে আসার তীব্র সমালোচনা করেছেন ওবামা।

২০১৫ সালে সাক্ষরিত ওই চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্যারিস চুক্তি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, অগ্রগতি হওয়া সম্ভব। ওই চুক্তি একটি কর্মকাঠামো তৈরি করেছে, এখানে-ওখানে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।”

কিন্তু ট্রাম্পের বৈরি মনোভাবের কারণে জলবায়ু প্রশ্নে কিছু অগ্রগতি থমকে গিয়েছিল জানিয়ে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের এখন যেখানে থাকার কথা ছিল তার ধারেকাছে আছে।

ট্রাম্পের বৈরিতার পরও যুক্তরাষ্ট্রের রাজ্য এবং স্থানীয় সরকারগুলোর কাজ এবং স্বচ্ছ জ্বলানিতে বিনিয়োগের কারণে দেশ জলবায়ু প্রশ্নে সামনে এগিয়েছে বলে জানান ওবামা।

তাছাড়া, প্রেসিডেন্ট জো বাইডেন এসেও আবার জলবায়ু ইস্যুতে ‍যুক্তরাষ্ট্রের হৃত স্থান পুনরুদ্ধার করতে সহায়ক ভূমিকা পালন করছেন এবং তার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আরও টেকসই ভবিষ্যত পাবে বলে আশা প্রকাশ করেন ওবামা।

বিবিসি জানায়, জলবায়ু পরিবর্তন সামাল দিতে ‘আশু পদক্ষেপ না নেওয়া’র জন্য কপ২৬ সম্মেলনে চীন এবং রাশিয়ারও সমালোচনা করেছেন ওবামা।

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে এই দুই দেশ। অথচ সম্মেলনে এ দুটি দেশের নেতারই দেখা নেই। এতে খুবই হতদ্যম হয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, সমুদ্রস্তর বেড়ে যাওয়ার জন্য দ্বীপদেশগুলো যে ঝুঁকির মুখে আছে সে বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জলবায়ু সম্মেলনে আহ্বান জানান ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে তিনি বলেন, তার দেশ আবার জলবায়ু ইস্যুতে অন্যদের সঙ্গে কাজ করতে নেমেছে। ট্রাম্পের আমলের প্রতিকূল চার বছরের পরও যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ের পথ থেকে বিচ্যুত হয়নি বলে বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন ওবামা।

যদিও হারিয়ে যাওয়া ওই চার বছরের ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্র কীভাবে পরিকল্পনা সাজিয়েছে তা নিয়ে সম্মেলনে এখনও প্রশ্ন রয়ে গেছে।