পানশিরের রাজধানীতে ঢুকে পড়ার দাবি তালেবানের
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যাকায় তালেবানবিরোধী বাহিনীর সঙ্গে কয়েকদিনের তুমুল লড়াইয়ের মধ্যে এবার প্রদেশটির রাজধানীতে যোদ্ধাদের ঢুকে পড়ার দাবি করেছে তালেবান।
তবে তালেবানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি পানশিরের তালেবানবিরোধী ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান’ (এনআরএফএ)।
তালেবান এর আগেও পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল, কিন্তু বিরোধীরা সে দাবি প্রত্যাখ্যান করে। এরপর তালেবানও আর পানশির নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য কোনও ঘোষণা দেয়নি। সেখানে কয়েকদিন ধরে লড়াই চলারই খবর পাওয়া গেছে।
পানশিরের প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট এর এক মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, তালেবান বাহিনী পানশির ও কাপিসা প্রদেশের সীমান্তের দরবন্দ মালভূমিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখান থেকে তাদের হটিয়ে দেওয়া হয়েছে। তালেবান বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার তালেবানের মুখপাত্র বিলাল কারিমি টুইটারে এক বার্তায় দাবি করেছেন, পানশিরের প্রাদেশিক পুলিশের সদরদপ্তর ও রাজধানী বাজারাকের কাছের রুকা জেলার প্রাণকেন্দ্র তাদের দখলে চলে এসেছে। লড়াইয়ে বিরোধীপক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
অভিযানে অনেককে বন্দি করা হয়েছে এবং যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তালেবান মুখপাত্র আরও বলেন, বাজারাকে এখনও লড়াই চলছে। অন্যান্য তালেবান টুইটারেও একই কথা বলা হয়। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার এনআরএফএ-এর মুখপাত্র ফাহিম দাশতি বলেছিলেন, তালেবান ইতোপূর্বে পানশিরের উত্তরপূর্বাঞ্চলীয় পারিয়ান জেলা নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি করেছিল, সেখান থেকে তাদের হটিয়ে দেওয়া হয়েছে।পিছু হটার সময় পাকিস্তানি ও বিদেসিহ অন্তত এক হাজার তালেবান যোদ্ধা অবরুদ্ধ হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে।
তবে এ দাবিও নিরপেক্ষসূত্রে যাচাই করা যায়নি। দাশতি বলেছেন, “প্রতিরোধ বাহিনী যে কোনোরকম আগ্রাসন প্রতিহত করে যেতে প্রস্তুত।”
শনিবার ইতালির ত্রাণ সংস্থা এমার্জেন্সি জানিয়েছে, পানশির উপত্যকা সংলগ্ন আনাবাহ জেলায় তাদের পরিচালিত একটি ট্রমা হাসপাতালে তালেবান যোদ্ধারা পৌঁছে গেছে।
পানশিরের তালেবান বিরোধী বাহিনী এনআরএফএ’র নেতা আহমাদ মাসুদ তালেবানের হামলা প্রতিরোধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এবং আন্তর্জাতিক সমর্থন আহ্বান করেছেন। রোববার মাসুদ এও বলেছেন যে, তার এনআরএফএ বাহিনীর কাছে শত শত তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছে।
