নাগরিকদের ফের ‘অবিলম্বে’ আফগানিস্তান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
তালেবানের অগ্রযাত্রার মুখে আফগানিস্তানে থাকা মার্কিনিদের আবার অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাজধানী কাবুলের মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে একটি নোটিশে মার্কিন নাগরিকদেরকে বাণিজ্যিক বিমানে করে আফগানিস্তান ছেড়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়।
এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কাবুলের মার্কিন দূতাবাস দ্বিতীয়বার নিরাপত্তা সতর্কতা জারি করে মার্কিনিদের দ্রুত আফগানিস্তান থেকে সরে যেতে বলল।
নোটিশে বলা হয়েছে, “নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং কর্মী কমে যাওয়ায় কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে নাগরিকদের সাহায্য করার ক্ষমতা ‘সীমিত হয়ে এসেছে।”
“তাই যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে করে নাগরিকদের অবিলম্বে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানাচ্ছে দূতাবাস। অনলাইনে যারা বিমানের টিকেট কিনতে পারবেন না, তারা কীভাবে প্রত্যাবাসন ঋণ পাবেন সে সম্পর্কে জানার জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হচ্ছে।”
গত শনিবার কাবুলের মার্কিন দূতাবাস একই নোটিশ জারি করেছিল। তবে এবারের নোটিশে তারা বাড়তি আরেক পরামর্শ দিয়েছে। আর তা হচ্ছে, স্বামী, স্ত্রী বা সন্তানের অভিবাসন ভিসার জন্য কোনও মার্কিন নাগরিকের আফগানিস্তান ছাড়তে দেরি হলে সেক্ষেত্রে দ্রুতই যেন দূতাবাসে যোগাযোগ করা হয়।
কেবল যুক্তরাষ্ট্র নয়, জার্মানিও তাদের নাগরিকদের একইরকম সতর্কবার্তা দিয়ে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী গজনির দখল নিয়েছে তালেবান। একইদিনে তালেবান আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম নগরী হেরাতও দখলে নেওয়ার দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স।
গজনি তালেবানের নিয়ন্ত্রণে চলে আসায় রাজধানী কাবুলও শিগগরিই তালেবানের হাতের মুঠোয় চলে আসার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ওদিকে, ইরান সীমান্তের কাছের হেরাত তালেবানের দখলে চলে যাওয়াটাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়।
আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের রাজধানী হেরাত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার সেখানকার আঞ্চলিক পরিষদের এক সদস্য বিবিসি-কে জানান তালেবানের হাতে নগরীটির পতন হয়েছে। গভর্নরের কার্যালয়ও তালেবানের হাতে চলে গেছে। পুলিশ সদরদপ্তরগুলোতে তালেবান পতাকা উড়তে দেখা গেছে স্যোশাল মিডিয়ার ভিডিওতে।
গত শুক্রবার থেকে তালেবান একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করতে থাকায় এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আফগান সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাবও তালেবান বৃহস্পতিবার নাকচ করেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, আফগান সরকার তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিল। অবশ্য এ ব্যাপারে আফগান সরকারের কোনও মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।
ওদিকে, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগান সরকারের দেওয়া এ ধরনের কোনও প্রস্তাবের বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেছেন, “আমরা এ ধরনের কোনও প্রস্তাব গ্রহণ করব না। আমরা কাবুল প্রশাসনের অংশীদার হতে চাই না। আমরা একটিদিনও এই প্রশাসনের সঙ্গে থাকা কিংবা কাজ করতে চাই না।”
