কাবুলের নিকটবর্তী গজনির নিয়ন্ত্রণ নিল তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী গজনির দখল নিয়েছে তালেবান।
বৃহস্পতিবার কাবুল ও দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের মধ্যবর্তী মহাসড়ক বরাবর অবস্থিত গজনি প্রদেশের রাজধানী শহরটির দখল নেয় তারা।
এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বিদ্রোহীরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, গজনি থেকে উত্তরপূর্ব দিকে প্রায় নাগালে থাকা রাজধানী কাবুল ৯০ দিনের মধ্যে বিদ্রোহীতের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তীব্র লড়াইয়ের পর তালেবান গজনির নিয়ন্ত্রণ নিয়েছে এবং নগরীর সবগুলো সরকারি সংস্থার সদরদপ্তর দখল করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “প্রাদেশিক গভর্নরসহ সব স্থানীয় সরকারি কর্মকর্তাকে কাবুলের দিকে সরিয়ে নেওয়া হয়েছে।”
দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারেও তীব্র লড়াই চলছে। বুধবার রাতে এক চিকিৎসক জানিয়েছেন, শহরের হাসপাতালটি সশস্ত্র বাহিনীগুলোর বহু সদস্যের মৃতদেহ আর কিছু আহত তালেবানকে গ্রহণ করেছে।
তালেবান জানিয়েছে, তারা কান্দাহারের প্রাদেশিক কারাগারের দখল নিয়েছে।
কান্দাহারে একজন ত্রাণ কর্মী রয়টার্সকে বলেছেন, “ভোর ৪টা পর্যন্ত একটানা লড়াই চলে তারপর ফজরের নামাজের পর আবার শুরু হয়।”
তালেবান যে গতিতে অগ্রসর হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিয়ে দেশটির সরকারকে এককভাবে লড়াইয়ের জন্য ছেড়ে আসার সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
চলতি মাসের শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অবশিষ্ট সৈন্যদের প্রত্যাহার করার আগেই দেশটির প্রায় দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। তাদের গেরিলা বাহিনী একসঙ্গে একাধিক ফ্রান্টে লড়াই করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রদেশে থেকে হাজার হাজার পরিবার পালিয়ে নিরাপত্তার খোঁজে কাবুল ও অন্যান্য শহরে জড়ো হচ্ছে।
