ভারতে মাদকের বড় ‘ট্রানজিট পয়েন্ট’ আসামে অভিযান, আটক প্রায় ২০০০
মিয়ানমার থেকে ভারতে ঢোকা মাদকের বড় ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবে বিবেচিত আসাম সম্প্রতি মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে নেমেছে।
ভারতের উত্তরপূর্ব রাজ্যটিতে চলমান এই অভিযানে এরই মধ্যে রেকর্ড পরিমাণ মাদক জব্দ হয়েছে; মে থেকে এ পর্যন্ত সেখানে মাদক সংশ্লিষ্ট প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তরপূর্ব রাজ্যগুলোকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা আসামের চার প্রতিবেশী রাজ্যের সঙ্গেই মিয়ানমারের বন্ধুর ও অরক্ষিত সীমান্ত আছে।
মাদকবিরোধী সাম্প্রতিক অভিযানের জন্য রাজ্যটি ক্ষমতাসীন ও বিরোধী রাজনীতিকদের প্রশংসা পেলেও অভিযানে সন্দেহভাজন চোরাচালানিদের গুলি করাসহ মানবাধিকার লংঘনের যেসব অভিযোগ উঠেছে, তা নিয়ে তুমুল সমালোচনাও চলছে।
মিজোরামের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও ভূখণ্ড নিয়ে চলমান বিরোধের সঙ্গে মাদক নিয়ে সংঘাতের সম্পৃক্ততা আছে বলেও দাবি করেছে আসাম। এই দুই রাজ্যের পুলিশকে সম্প্রতি একে অপরের দিকে গুলি ছুড়তেও দেখা গেছে।
ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ আসামেই চোরাকারবারিরা একত্রিত হয় এবং হেরোইন ও মেথামফেটামাইনের মতো মাদক মজুদ করে, বলছে পুলিশ। এর মধ্যে এক পঞ্চমাংশ স্থানীয়ভাবে বিক্রি হয়, বাকিগুলো চলে যায় ভারতের যেসব শহরে তুলনামূলক বেশি ধনীদের বাস, সেখানে।
আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রক বোর্ড এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, এশিয়ায় মেথামফেটামাইন বা ‘পাগলা মাদক’ ইয়াবা এবং হেরোইনের অন্যতম প্রধান উৎস মিয়ানমার।
আসামের এখনকার পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের কয়েক বছর আগেকার পরিস্থিতির মিল পাচ্ছেন বলে জানিয়েছেন ইউএনওডিসি’র দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি জেরেমি ডগলাস।
“অনিয়মিতভাবে অল্প কিছু ইয়াবা জব্দ হতো একসময়, এখন তুলনামূলক বড় চালান নিয়মিতই জব্দ হচ্ছে। স্থানীয়ভাবে ব্যবহৃত হওয়ার খবর পাওয়া যাচ্ছে- প্যাটার্নগুলো একইরকম,” বলেছেন তিনি।
গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া মাদক ও অস্ত্র চোরাচালান সংক্রান্ত তথ্যেও দেশটিতে যে মাদকের ব্যবসা বিস্তৃত হচ্ছে তা জানানো হয়েছে।
২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে যতজনকে আটক করেছে তার তুলনায় মিয়ানমার সীমান্তে বেশি আটক হয়েছে বলেও ওই তথ্যে দেখা যাচ্ছে।
আসাম চলতি বছর এখন পর্যন্ত যত মাদক জব্দ করেছে এবং যতজনকে গ্রেপ্তার করেছে তা আগের যে কোনো বছরের মোট জব্দ ও গ্রেপ্তারের চেয়ে বেশি।
মে-তে হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বেশিরভাগ জব্দ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এ রাজনীতিক বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজন হলে সন্দেহভাজনদের ওপর গুলি চালানোসহ সবকিছু করার অনুমতি দিয়েছেন তিনি।
“আসাম সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাদক বিক্রেতা ও বড় বড় চোরাকারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যতখানি কঠোর পদক্ষেপ নেওয়া যায়, তা নিতে বলেছি আমি,” জুলাইয়ে জব্দ মাদক পুড়িয়ে ফেলার এক অনুষ্ঠানে এমনটাই বলেন এ বিজেপি নেতা।
শর্মার অনুমান, তার রাজ্যে কোটি কোটি ডলারের মাদক ব্যবসা হয়।
রয়টার্স এ প্রতিবেদন নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলেও তাৎক্ষণিকভাবে তিনি রাজি হননি।
আসাম পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিনমাসে রাজ্যে মাদকবিরোধী অভিযানে এক হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে; এ সময় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন এবং কয়েক কোটি ডলার মূল্যের মাদক জব্দ হয়েছে।
“কোনো অপরাধই পুরোপুরি বন্ধ করা যায় না। আসামের ভেতর দিয়ে মাদক নিয়ে যাওয়াকে আইনি উপায়ে যতখানি কঠিন করে তোলা যায়, তা করা এবং আসামের তরুণদের কাছে মাদক সরবরাহ করা যেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, তাই আমাদের লক্ষ্য,” বলেছেন আসামের স্পেশাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং।
জুলাইয়ে মিজোরামের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা তদন্তের নেতৃত্বে থাকা এ পুলিশ কর্মকর্তা বলেন, মিজোরাম হয়ে মাদক (আসামে) নিয়ে আসা একটি চক্র মাদকের বিরুদ্ধে লড়াইয়ের দিকে থাকা নজর ঘুরিয়ে দিতে জুলাইয়ের সীমান্ত সহিংসতায় ইন্ধন দিয়েছিল।
এ ভাষ্য প্রত্যাখ্যান করে মিজোরাম বলেছে, চলতি বছর তারা রেকর্ড পরিমাণ মেথামফেটামাইন জব্দ করেছে।
মিজোরাম থেকে আসাম যাওয়া সব গাড়িতে ‘অবৈধ মাদকের উপস্থিতি খতিয়ে দেখা’ নিয়ে আসাম পুলিশ যে নতুন নীতি নিয়েছে তাতে আপত্তিও জানিয়েছে রাজ্যটি।
“মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানকে আমরা সমর্থন করি, মাদক সমাজের জন্য ভয়াবহ বিপদ। এ নিয়ে যৌথ তৎপরতা হতে পারে। এটা যেন বৈষম্যমূলক না হয়, যেখানে কেবল একটি রাজ্য থেকে আসা গাড়ি চেক করা হচ্ছে,” বলেছেন মিজোরামের স্বরাষ্ট্র বিভাগের বিশেষ দায়িত্বে থাকা কর্মকর্তা ডেভিড লালথাংলিয়ানা।
আসামের বিরোধীদলের নেতারা রাজ্যের সরকারের বিরুদ্ধে মাদক বিক্রেতাসহ অপরাধীদের মোকাবেলার ক্ষেত্রে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন। তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তও চাইছেন।
অন্যদিকে পুলিশ বলছে, তারা কেবল আত্মরক্ষার্থে বা সন্দেহভাজন যখন পালিয়ে যেতে চেষ্টা করে তখনই গুলি চালাচ্ছেন, অন্য সময় নয়।
