২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষ উদ্‌যাপনে চীনের কমিউনিস্ট পার্টি, আনুগত্যে জোর শি’র

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সদস্যদেরকে দলের প্রতি অনুগত থাকতে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 05:24 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

চলতি সপ্তাহে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) শতবর্ষ পূর্ণ হতে চলেছে; তা উদ্‌যাপনের অংশ হিসেবে মঙ্গলবার দলের ২৯ সদস্যকে নতুন একটি সম্মানসূচক পদকে ভূষিত করে শি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

বেইজিংয়ের গ্রেট হলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ পদক দেওয়া হয়; অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনেও সরাসরি সম্প্রচারিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১ জুলাই, বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টি দলের প্রতিষ্ঠার ১০০ বছর উদ্‌যাপন করতে যাচ্ছে।

২০১৭ সালে দলটি সদস্যদেরকে উৎসাহিত করতে সম্মানসূচক একটি পদক দেওয়ার কথা ঘোষণা করা হলেও মঙ্গলবারই প্রথম ২৯ জনকে এ ‘১ জুলাই পদক’ দেওয়া হল।

সিপিসি’ই যে বিশ্বের সবচেয় শক্তিশালী রাজনৈতিক দল, তা দেখাতে শি’র প্রচেষ্টার অংশ হিসেবেই এ পদকের প্রচলন করা হয়েছে বলে ধারণা পশ্চিমা পর্যবেক্ষকদের।

মঙ্গলবারের অনুষ্ঠানে শি সিপিসি সদস্যদেরকে দলের প্রতি সুদৃঢ় আনুগত্য বজায় রাখতে এবং দল ও জনগণকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন।

“সবকিছু, এমনকী আপনার জীবনও দল এবং জনগণের জন্য উৎসর্গ করুন,” নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো আহ্বানে বলেছেন চীনা প্রেসিডেন্ট।

দলের জন্য ‘অসামান্য অবদানের’ স্বীকৃতিস্বরূপ এবার যে ২৯ জনকে পদক দিয়ে সম্মানিত করা হয়েছে, তাদের মধ্যে সেনাসদস্য, স্থানীয় পর্যায়ে কাজ করা কর্মীদের পাশাপাশি কলা ও বিজ্ঞানে কাজ করা দক্ষ কর্মীরাও রয়েছেন।

২০১৯ সালের তথ্য অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা নয় কোটি ১৯ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার ছয় দশমিক ছয় ভাগ। দলটি ১৯৪৯ সাল থেকে একক দল হিসেবে চীন শাসন করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে সোমবার রাতে সিপিসি ‘বার্ড নেস্ট’ নামে খ্যাত চীনের ন্যাশনাল স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।

এ অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিদেশি কূটনীতিকরা গত শতকে বিশ্বশক্তি হিসেবে চীনের আবির্ভাবের কৃতিত্ব সিপিসিকে দিয়ে করা গান, নাচ ও নাটক উপভোগ করেন।

গত শতকের ৫০-র দশকের শেষভাগের দুর্ভিক্ষ, ষাটের দশকের সাংস্কৃতিক বিপ্লব আর ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে দমনাভিযানের মতো যেসব ঘটনাকে দলটির ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়, সেগুলো সোমবারে অনুষ্ঠানে ছিল একেবারেই অনুপস্থিত।

‘উইদাউট দ্য কমিউনিস্ট পার্টি, দেয়ার উড বি নো নিউ চায়না’ গান এবং পাঁচ মিনিট ধরে চলা আতশবাজির ঝলকানিতে অনুষ্ঠানটি শেষ হয়।

চীনের অসংখ্য নাগরিক সিপিসির শতবর্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশ ও ক্ষমতাসীন দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। অবশ্য কারও কারও মন্তব্যে খুশির মাত্রা অন্যদের চেয়ে কম ছিল।

“যখন বাড়ির দাম কমবে, তখনই মানুষ সত্যিকারের সুখ অনুভব করবে,” সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন এক ব্যবহারকারী; তার মন্তব্যে ৩৯টি ‘লাইক’ও পড়েছে।