কোভিড টিকার মেয়াদোত্তীর্ণ ডোজ পুড়িয়ে ফেলল মালাউয়ি
মালাউয়ির স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার মেয়াদোত্তীর্ণ ১৯ হাজার ৬১০ ডোজ জ্বালিয়ে দিয়েছে।
যে ভ্যাকসিনগুলো নাগরিকদের দেওয়া হচ্ছে, তা যে নিরাপদ সে বিষয়ে জনগণকে আশ্বস্ত করতেই এ পদক্ষেপ কাজে লাগবে বলে আশাও করছে তারা।
বিবিসি জানিয়েছে, আফ্রিকার প্রথম দেশ হিসেবে মালাউয়ি এভাবে প্রকাশ্যে কোভিড-১৯ টিকার মেয়াদোত্তীর্ণ ডোজ পোড়াল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম দিকে কোভিড টিকার মেয়াদোত্তীর্ণ ডোজ নষ্ট না করার আহ্বান জানালেও পরে পরামর্শ পাল্টায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালাউয়িতে টিকা নেওয়ায় আগ্রহে ঘাটতি দেখা যাচ্ছিল; মেয়াদোত্তীর্ণ ডোজ নষ্ট করে ফেলায় এখন টিকার ব্যাপারে মানুষের আস্থা বাড়বে বলে ধারণা স্বাস্থ্যকর্মীদের।
দক্ষিণপূর্ব আফ্রিকার এ দেশটির জনসংখ্যা এক কোটি ৮০ লাখের কাছাকাছি। দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ২৩২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে এক হাজার ১৫৩ জনের।
মালাউয়ি গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ২ হাজার ডোজ পায়, যার প্রায় ৮০ শতাংশই নাগরিকদের দিতে পারে তারা।
ওই দফায় পাওয়া টিকার লেবেলে মেয়াদ শেষের তারিখ লেখা ছিল ১৩ এপ্রিল। যে কারণে মেয়াদ পেরিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ অবশিষ্ট সব ডোজ নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেয়।
মালাইয়ির মুখ্য স্বাস্থ্য সচিব ড. চার্লস মোয়ানসামবো বিবিসিকে বলেছেন, টিকার ডোজ নষ্ট করাটা দুর্ভাগ্যজনক হলেও এ পদক্ষেপে লাভ হবে বেশি।
“যখন খবর ছড়িয়ে পড়ল যে আমাদের কাছে মেয়াদোত্তীর্ণ টিকা আছে, আমরা খেয়াল করলাম- লোকজন টিকা নিতে আমাদের ক্লিনিকগুলোতে আসছে না।
“আমরা যদি এগুলো না পোড়াতাম, তাহলে লোকজন ভাবতো আমরা মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন দিচ্ছি; তারা যদি টিকা নিতে না আসে, তাহলে কোভিড-১৯ তাদের জোরেশোরে আঘাত করবে,” বলেছেন তিনি।
মেয়াদোত্তীর্ণ ডোজ আগেই নষ্ট করে ফেলায় পোড়ানোটা ছিল ‘কেবল আনুষ্ঠানিকতা’, বলেছেন মোয়ানসামবো।
