২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সকালের আগে নির্বাচনের ফল নাও জানা যেতে পারে: বাইডেন

ডাকযোগে ভোট ও বিপুল সংখ্যক আগাম ভোটের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পেতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 12:25 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

মঙ্গলবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন শহরের চেস সেন্টারে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, বুধবার সকালে (যুক্তরাষ্ট্রের সময়) অথবা তার পরেও নির্বাচনের ফলাফল নাও জানা যেতে পারে।

নির্বাচনে ‘জয়ের পথে আছেন’ মন্তব্য করে ৭৭ বছর বয়সী বাইডেন সমর্থকদের ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আমরা জানতাম, আমাদের অপেক্ষা দীর্ঘ হবে, আমরা জানতাম, হয়ত আমাদের সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, কিংবা তারও বেশি। 

“কিন্তু এখন পর্যন্ত আমাদের যা অবস্থান, সেটা সন্তোষজনক। আজ রাতে আমি আপনাদের বলতে এসেছি, এই নির্বাচনে আমরা জয়ের পথেই আছি,” বলেছেন তিনি।

এদিকে প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে থাকা ডনাল্ড ট্রাম্প ভোটের রাতে টুইট করে অভিযোগ করেছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে।

টুইটে তিনি লিখেছেন, “আমরা আশাবাদী, কিন্তু তারা এ নির্বাচন চুরির চেষ্টায় আছে। সেটা আমরা তাদের কখনোই করতে দেব না। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আর ভোট নেওয়া যায় না!”

টুইটার কর্তৃপক্ষ অবশ্য ট্রাম্পের ওই টুইটে একটি লেবেল সেঁটে দিয়ে বলেছে, ওই বক্তব্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। টুইটার ব্যবহারকারীদের সঠিক তথ্য খুঁজে নেওয়ার বিষয়ে সতর্কও করা হয়েছে সেখানে।