২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ট্রাম্পের ছেলে ব্যারনও আক্রান্ত হয়েছিলেন

পরীক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১৪ বছরের ছেলে ব্যারনেরও করোনাভাইরাস পজিটিজ এসেছিল বলে তার মা মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 10:40 AM

Updated : 08 Apr 2022, 01:29 AM

ব্যারনের বাবা ও মা, উভয়েই ভাইরাসটির আক্রান্ত হওয়ার পর তারও কোভিড-১৯ পজিটিভ আসে; তবে তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছেন দেশটির ফাস্ট লেডি। 

বুধবার এক বিবৃতিতে মেলানিয়া বলেছেন, “সৌভাগ্যক্রমে সে একজন শক্তিশালী কিশোর আর তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি।”

পরে পরীক্ষায় তার ও ব্যারনের করোনাভাইরাস নেগেটিভ আসে বলে জানিয়েছেন মেলানিয়া।    

আইওয়ার ডে মইনে এক জনসভায় ট্রাম্প বলেছেন, “সে (ব্যারন) খুব অল্প সময়ের জন্য এতে আক্রান্ত ছিল।”

ব্যারন এখন ভালো আছে জানিয়ে ট্রাম্প বলেন, “কেন স্কুলগুলো খুলে দেওয়া উচিত এটি তার একটি উদাহরণ। এমনকী আমার মনেই হয় না সে জানতো সে ভাইরাসটিতে আক্রান্ত, এর কারণ তারা অল্প বয়সী এবং তাদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে সেটিকে থামিয়ে দিয়েছে।”

মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, তার কোভিড-১৯ এর লক্ষণ ‘সামান্য’ ছিল এবং ফাস্ট লেডি হিসেবে ‘যত দ্রুত সম্ভব’ তিনি কাজে ফিরবেন বলে আশা করছেন।

“আমার শরীর ব্যথা, মাথা ব্যথা ও কাশি ছিল এবং অধিকাংশ সময় অত্যন্ত ক্লান্ত বোধ করেছি। ওষুধের দিক থেকে আমি মূলত প্রাকৃতিক পথ বেছে নিয়েছি, ভিটামিন ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেছি,” বলেন তিনি।

২ অক্টোবর এক ঘোষণায় ডনাল্ড টাম্প জানিয়েছিলেন, পরীক্ষায় তার ও মেলানিয়ার করোনাভাইরাস পজিটিভ এসেছে। এরপর তিন রাত একটি সামরিক হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছিলেন ট্রাম্প।

“একদিকে এজন্য আমি খুশি যে আমরা তিন জন একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলাম, তাই একে অপরের সেবা করতে ও একসঙ্গে সময় কাটাতে পেরেছি আমরা,” বলেছেন মেলানিয়া ট্রাম্প।