২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার দাবি জার্মানি-ফ্রান্সের

বিরোধীদলীয় রুশ নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগের জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানিয়েছে জার্মানি এবং ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 09:50 PM

Updated : 25 Jul 2022, 07:05 PM

রুশ সরকার এই বিষপ্রয়োগের নেপথ্যে ছিল বলেই মনে করে দুই দেশ।

বৃহস্পতিবার এক কনফারেন্সে ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করামাত্রই তাদের বিরুদ্ধে ইইউ’কে রুখে দাঁড়াতে হবে।

স্লোভাকিয়ার এই কনফারেন্সে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ যে একটি শক্তিশালী জোট তা দেখিয়ে দেওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা জুরুরি।

তবে নিষেধাজ্ঞা আরোপ করা মানেই সংলাপের দুয়ার বন্ধ নয় সেটিও পরিস্কার করে বলেছেন এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

তারা বলেন, “আমাদের কঠোর হওয়াও দরকার, আবার একইসঙ্গে সংলাপও কখনও বন্ধ হতে দেওয়া উচিত না। রাশিয়া সিরিয়া, লিবিয়া এবং ইউক্রেইন সংকট সমাধান করুক সেটিও আমরা চাই।”

তবে রাশিয়ার সঙ্গে সংলাপ চললেই যে তারা কোনও অনুকম্পা পাবে তাও নয় বলে সাফ জানিয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “আমরা শান্তিপূর্ণ মহাদেশ গড়ার লক্ষ্যে অবিচল থাকব। আবার এই লক্ষ্য অর্জনে যখন দরকার পড়বে তখন কঠোরও হব।”

রাশিয়ার কাছ থেকে বিরোধীদলীয় নেতা নাভালনিকে নোভিচক রাসায়নিক প্রয়োগের ঘটনার কোনও বিশ্বাসযোগ্য জবাব না পেয়ে ফ্রান্স এবং জার্মানি বুধবারেই জানিয়েছিল তারা ইইউ’কে রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেবে।

রাশিয়া নাভালনিকে বিষ প্রয়োগের কথা অস্বীকার করে আসছে। তবে কয়েকটি পশ্চিমা দেশ বলছে, রাশিয়াকে এই ঘটনা তদন্তে সহযোগিতা করতে হবে, নতুবা তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি গত ২০ অগাস্ট একটি অভ্যন্তরীন ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন।

তার সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি যে চা পান করেছিলেন তাতে আগেই বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণের পর সেখানেই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেওয়া হয়।

পরে কোমায় চলে যাওয়া নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। বার্লিনের হাসপাতাল থেকেই প্রথম নাভালনিকে সোভিয়েত আমলের বিষাক্ত রাসায়নিক নোভিচক দেওয়ার কথা জানানো হয়। বলা হয়, তারা পরীক্ষায় নাভালনির দেহে নোভিচক এর উপস্থিতি পেয়েছেন।

পরে সুইডেন এবং ফ্রান্স দুই দেশেরই পরীক্ষাগারেই ভালনিকে নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে বলে জানায় জার্মানি।

এরপর রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনও (ওপিসিডব্লিউ) গত মঙ্গলবার নাভালনির রক্ত এবং মূত্রের নমুনায় সোভিয়েত আমলের নোভিচক নার্ভ এজেন্টের উপস্থিতি পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।

পুরনো খবর:

ফ্রান্স-সুইডেনও নাভালনিকে বিষপ্রয়োগের প্রমাণ পেয়েছে: জার্মানি
কোমা থেকে বেরিয়েছেন রুশ নেতা নাভালনি: বার্লিন হাসপাতাল
রুশ নেতা নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছে: জার্মানি
নাভালনি: রাশিয়ার বিরুদ্ধে কঠোর ইইউ ব্যবস্থা চায় জার্মানি