মরিশাসে ৪০ ডলফিনের মৃত্যু, হাজারো লোকের প্রতিবাদ
একটি জাপানি ট্যাংকার থেকে সাগরে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার পর কাছাকাছি এলাকায় অন্তত ৪০টি ডলফিনের রহস্যময় মৃত্যুতে মরিশাসের ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
শনিবার কয়েক হাজার প্রতিবাদকারী দেশটির রাজধানী পোর্ট লুইতে বিক্ষোভ প্রদর্শন করে উভয় ঘটনার তদন্ত দাবী করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ২৫ জুলাই ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির উপকূলের প্রবাল প্রাচীরে ধাক্কা খায় এমভি ওয়াকাশিও নামের একটি জাপানি তেলবাহী ট্যাংকার। ৬ অগাস্ট ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়া শুরু হয়।
এই তেলের কারণেই ডলফিনগুলো মারা যাচ্ছে কি না, পরিবেশবাদীরা তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, রাজধানীর ওই বিক্ষোভে একজন প্রতিবাদকারীর হাতে ধরা ব্যানারে তেলে ঢাকা একটি ডলফিনের ছবির নিচে লেখা ছিল ‘আমাদের জীবনেরও দাম আছে’। আরেকজনের হাতে ধরা ব্যানারে সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।
সেন্ট লুই ক্যাথেড্রাল স্কয়ারে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। লোকে পরিপূর্ণ ওই স্কয়ারে বিক্ষোভ চলাকালে লোকজন জাতীয় পতাকা দুলিয়ে প্রতিবাদী শ্লোগান দেয়।
ওই স্কয়ার থেকে মরিশাসের ৩৩ বছর বয়সী পরিবেশ বিজ্ঞানী ফ্যাবিওলা মন্টি রয়টার্সকে বলেন, “তেল ছড়িয়ে পড়ার ঘটনায় নেওয়া পদক্ষেপ ও এটি সামাল দেওয়ার বিষয়ে সরকার আমাদের যেসব তথ্য দিচ্ছে তা বিশ্বাস করি না আমরা।”
তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তারা একটি কমিশন গঠন করেছে জানিয়ে মৃত সব ডলফিনের ময়নাতদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে মরিশাস সরকার।
তেল ছড়িয়ে পড়ার ঘটনায় দুটি তদন্ত চালানো হচ্ছে। দায়ী ক্রুদের বিষয়ে তদন্ত করছে পুলিশ ও জাহাজটির কী হয়েছিল, তা তদন্ত করে দেখছে জাহাজ চলাচল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মৃত ডলফিনগুলোর মধ্যে দুটির মৃতদেহ পরীক্ষা করে দেখেছেন পশুচিকিৎসকরা। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, ওই ডলফিনগুলোর দেহে জখমের চিহ্ন থাকলেও তেলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
আরও পড়ুন:
